২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে কিশোরগঞ্জের সবজিচাষিরা

কিশোরগঞ্জের বিভিন্ন হাট-বাজার আর কৃষকের জমিতে বছরের এ সময়টাতে সবজির জন্য ভিড় জমান রাজধানী থেকে আসা পাইকারি ক্রেতারা। সবজি কেনার প্রতিযোগিতায় ক্রেতা-বিক্রেতার দরদামে মুখর থাকে পরিবেশ।

মারুফ আহমেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 07:27 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে চলা টানা অবরোধ-হরতালে এবার বদলে গেছে চিরচেনা সেই দৃশ্যপট।

হাট-বাজার আর জমিতে সবজির স্তূপ আগের মতো থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের। ফলে দাম যেমন নেমে গেছে, তেমনি অনেক ক্ষেত্রে জমিতেই নষ্ট হচ্ছে উৎপাদিত সবজি। এ অবস্থায় চরম হতাশায় পড়েছেন জেলার সবজিচাষিরা।

এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরগুলোতে। ফলে স্বাভাবিকভাবেই সবজিচাষকে ঘিরেই আবর্তিত হয় চাষিদের বড় একটি অংশের প্রাত্যহিক জীবন।

স্থানীয় ব্যবসায়ীরাও মৌসুমে সবজি বাজারজাত করে ভাল আয়-উপার্জন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় আট হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে।

টানা অবরোধ ও হরতালে বেকায়দায় পড়েছেন জেলার প্রধান সবজি এলাকা হিসেবে পরিচিত পাকুন্দিয়া উপজেলার সুখিয়া, চর ফরাদি, চর কাওনা, চর পলাশ ও সৈয়দগাঁও গ্রামের সবজিচাষিরা।

সুখিয়া গ্রামের কৃষক আফসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতাল-অবরোধের আগে প্রতি মণ আলু ৬০০ টাকা বেচলেও এখন ৩০০ টাকা দরেও বেচতে পারছি না। তাই আলু তোলার সময় হলেও ক্ষেত থেকে আলু তুলতে সাহস পাচ্ছে না অনেকেই।"

একই অবস্থা সবজি উৎপাদনের জন্য প্রসিদ্ধ করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর, বিদ্যানগর ও আয়লা গ্রামের সবজিচাষিদেরও।

কৃষক মোক্তার হোসেন বলেন, অবরোধের আগে একেকটি ফুলকপি ৮/১০ টাকায় বিক্রি করলেও এখন তিন টাকাতেও পাইকাররা কপি কিনছে না।

শিম ও টমেটো চাষিদেরও একই অবস্থা। বতর্মানে ৮/১০ টাকা কেজি দরে শিম বেচতে হচ্ছে। আর ২৫০ টাকা মণে নেমে এসেছে টমেটোর দাম।

তাই কষ্ট করে যানবাহনের ভাড়া গুণে চাষিরা বাজারে সবজি নিতে উৎসাহী হচ্ছেন না। ফলে অনেক চাষির সবজি জমিতেই নষ্ট হচ্ছে বলে জানান তিনি।

কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, তাড়াইল, কটিয়াদী ও বাজিতপুর উপজেলায়ও ব্যাপকহারে সবজির চাষ হয়ে থাকে। তাদের অবস্থাও একই।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অমিতাভ দাস বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে উৎপাদন খরচের চেয়ে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হলে পরিস্থিতির উন্নতির কোনো আশা দেখছেন না এ কৃষি কর্মকর্তা।