জানুয়ারিতে এলসি খোলা কমেছে
জানুয়ারিতে আগের মাসের তুলনায় বাইরে থেকে বিভিন্ন পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ কমেছে।
সামগ্রিকভাবে কমলেও শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও খাদ্য পণ্য আমদানির জন্য এলসি খোলা আগের মাসের তুলনায় বেড়েছে।
আমদানি ঋণপত্র বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে মোট এলসি খোলা হয়েছে ৩১৯ কোটি ৭৯ লাখ ডলারের, যা ডিসেম্বরের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ কম। তখন ৩৪৯ কোটি ৬৫ লাখ ডলারের এলসি খুলেন ব্যবসায়ীরা।
অপরদিকে জানুয়ারিতে ৩০৪ কোটি ৩০ লাখ ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে, যা ডিসেম্বরের তুলনায় ৫ দশমিক ১৮ শতাংশ কম।
ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম কমার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমেছে। একই কারণে কমেছে জাহাজ ভাড়াও। দেশের আমদানিকারকরা এই কম দাম ও কম ভাড়ার সুযোগ নিতে চেষ্টা করছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়েছে ৬২ কোটি ডলারের, যা ডিসেম্বরে ছিল ৪৯ কোটি ডলারের। ব্যাক টু ব্যাক এলসির নিষ্পত্তি হয়েছে ৫২ কোটি ডলারের; ডিসেম্বরে ছিল ৪৯ কোটি ১৬ লাখ ডলারের।
ব্যাক টু ব্যাক এলসির মধ্যে তৈরি পোশাক শিল্পের কাপড় (ফেব্রিকস) ও এক্সেসরিজ থাকে।
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানুয়ারি মাসে যে এলসি হয়েছে সেগুলো আগের অর্ডারের পণ্য সাপ্লাই দেওয়ার প্রয়োজনে। এজন্য ডিসেম্বরের তুলনায় সেটা বাড়তে পারে।”
জানুয়ারি মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ৩১ কোটি ১০ লাখ ডলারের এলসি খুলেছেন উদ্যোক্তারা, যা ডিসেম্বরে ছিল ২৬ কোটি ৮৭ লাখ ডলার।
তবে জানুয়ারিতে ডিসেম্বরের তুলনায় মূলধনী যন্ত্রপাতির আমদানির নিষ্পত্তি কম হয়েছে। জানুয়ারি মাসে ১৭ কোটি ৬৬ লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানি নিষ্পত্তি হয়েছে, যা ডিসেম্বরে ছিল ২৫ কোটি ৮৪ লাখ ডলার।
তবে কাঁচা তুলা আমদানি কমেছে। জানুয়ারি মাসে কাঁচা তুলা আমদানি করতে ব্যবসায়ীরা ১৫ কোটি ৮৮ লাখ ডলারের এলসি খুলেছেন, যা ডিসেম্বরে ছিল ১৭ কোটি ৭৩ লাখ ডলার।
চাল, গম, চিনি, ভোজ্য তেল আমদানির জন্য এলসি খোলা বেড়েছে। তবে মসুর ডাল ও পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা কমেছে।
এ বিষয়ে আমদানিকারক সাধন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে এখন দেশি ডাল ও পেঁয়াজ আসতে শুরু করেছে। যেকারণে এ দুটো পণ্যের আমদানি এখন কম।”
৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দেশব্যাপী টানা অবরোধ পালন করছে; মাঝে চলছে হরতালও।
এই অবরোধ-হরতালে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দাবি করেছে, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিদিন ২ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
