ফের চট্টগ্রাম চেম্বারের সভাপতি হলেন মাহবুবুল আলম
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম।
দ্বিতীয় মেয়াদে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে নুরুন নেওয়াজ সেলিম ও সৈয়দ জামাল আহমেদ।
সোমবার দুপুরে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকমণ্ডলীর প্রথম সভায় তাদের নির্বাচিত করা হয়।
মাহবুবুল আলম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ডিনারি গ্রুপ থেকে ১২ জন, অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ছয়জন, টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন এবং ট্রেড গ্রুপ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হন।
চট্টগ্রাম চেম্বারের নির্বাচিত পরিচালকরা হলেন- অর্ডিনারি গ্রুপ থেকে একেএম আক্তার হোসেন, নুরুন নেওয়াজ সেলিম, অঞ্জন শেখর দাশ, এম এ মোতালেব, মাহবুবুল হক চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, আনোয়ার শওকত আফসার, আরিফ ইফতেখার, দিদারুল আলম, রকিবুর রহমান, জাহেদুল হক ও সরওয়ার হাসান জামিল।
অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম, মাহফুজুল হক শাহ, অহীদ সিরাজ চৌধুরী ও এস এম শামসুদ্দিন।
টাউন অ্যাসোসিয়েশন থেকে হাবিব মহিউদ্দিন, হাবিবুল হক, জহুরুল আলম এবং ট্রেড গ্রুপ থেকে কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী ও সৈয়দ জামাল আহমেদ।
