চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতীকী অনশন
বিএনপি জোটের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে চলমান সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে প্রতীকী অনশন করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর খুলশী এলাকায় বিজিএমইএ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, চলমান সহিংস রাজনীতির কারণে পোশাক শিল্প ক্রমান্বয়ে ধ্বংস হতে চলেছে।
“স্থবির হয়ে পড়েছে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জনের লক্ষ্যমাত্রা। ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন। ক্রেতারা এখন ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারতসহ অন্যান্য প্রতিযোগী দেশের দিকে ঝুঁকছে।”
নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা ও ব্যাংকের দায় দেনা দিতে ব্যর্থ হয়ে অনেক কারখানা বন্ধ হতে শুরু করেছে। এমন অবস্থা চলমান থাকলে গোটা তৈরি পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে।
রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এ ধরণের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সবপক্ষের সহনশীল আচরণের আহ্বান জানান ব্যবসায়ীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, অঞ্জন শেখর দাশ, সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, সাবেক পরিচালক এস এম সাজেদুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, হাসানুজ্জামান চৌধুরী ও এ এম চৌধুরী হালিম।
বক্তব্য রাখেন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. আবদুল ওয়াহাব, মো. শেখ সাদী, সাব্বির মোস্তফা, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি এম এ সালাম, নাসির উদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক এ কে এম সালাউদ্দিন, আ ন ম সাইফুদ্দিন ও ইমদাদুল হক চৌধুরী।
