কানাডার বাজার ধরতে ব্যবসায়ীদের পরামর্শ
বাংলাদেশি পণ্যের চাহিদার ক্ষেত্র তুলে ধরে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে রপ্তানির উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন কানাডায় বাণিজ্য বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশের ব্যবসায়ীরাও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য কানাডাকে আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় রপ্তানি বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে কানাডার ট্রেড ফেসিলিটেশন অফিসের (টিএফও) কর্মকর্তারা সে দেশের পণ্য রপ্তানির বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ টিএফও-এর সহায়তায় ‘এক্সপোর্টিং টু কানাডা’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধে টিএফও’র এশিয়া অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক জাকি মুন্সি সে দেশে পণ্য রপ্তানির কৌশলগুলো উপস্থাপন করেন। এছাড়া রপ্তানি সম্পর্কিত ব্যবসায়ীদের বিভিন্ন কৌতূহলও মেটান।
পরে ঢাকায় কানাডার হাই কমিশনার বেনওয়া পিয়ের লাগামে বলেন, কানাডা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, যার মধ্যে রয়েছে চার বিলিয়ন ডলারের অর্থ সহায়তা। তবে আজকের বাংলাদেশের সার্বিক চিত্রের সঙ্গে ২০ বছর আগের, এমনকি ১০ বছর আগের বাংলাদেশের মিল নেই।
“বর্তমানে এই দেশের সঙ্গে আমাদের ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ২০০৪ সাল থেকে তিনশ’ শতাংশেরও বেশি হারে এই লেনদেনের প্রবৃদ্ধি হচ্ছে।”
তিনি আরও বলেন, কানাডা বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত নিয়ে কাজ করছে, এমনকি এই দেশের রপ্তানিখাতে সরাসরি সহায়তা দিচ্ছে।
বাংলাদেশের বাণিজ্যিক খাতের উন্নয়নে নিজ দেশের পদক্ষেপগুলো তুলে ধরে হাইকমিশনার বলেন, প্রথমত স্বল্প উন্নত দেশগুলোর জন্য এলডিসি ট্যারিফ প্রোগ্রামের আওতায় কানাডা বাংলাদেশের অধিকাংশ রপ্তানি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। এছাড়া ট্রেড ফেসিলিটেশন অফিসের আওতায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে সহায়তা দিচ্ছে।
বিশ্বের যে ২৫টি দেশকে কানাডা টিএফও এর আওতায় রেখেছে, বাংলাদেশ তার অন্যতম। এই পদক্ষেপে করে শুধু বাংলাদেশ নয়, কানাডাও লাভবান হচ্ছে বলে মনে করেন হাইকমিশনার।
এমসিসিআই এর সভাপতি সাইয়েদ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডিয়ান বিনিয়োগের ক্ষেত্র রয়েছে। কানাডিয়ান বিনিয়োগ বাড়লে তা দ্বিপাক্ষিক আর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, কৃষিভিত্তিক কারখানা নির্মাণের সুযোগ রয়েছে বাংলাদেশে।
অনুষ্ঠানে টিএফও ব্যবস্থাপকের কাছে রপ্তানির বিষয়ে বিভিন্ন বিষয় জানতে চান, রহিম আফরোজের কর্মকর্তা আবুল হাসনাত, বাংলাদেশ অর্গানিক ফুড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আব্দুস সালাম, বিকেএমইএ’র গবেষণা সেলের কর্মকর্তা তাপস চন্দ্র ভৌমিক, নিটওয়্যারিং অ্যাসোসিয়েশনের নেতা জামাল উদ্দিন।
