২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি আটকে থাকবে না: মন্ত্রী

বিএনপি জোট হরতাল-অবরোধ চালিয়ে গেলেও পণ্য রপ্তানি যে কোনো মূল্যে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।   

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “আমরা কোনোভাবেই রপ্তানিকে বাধাগ্রস্ত হতে দেব না।

“গতবার আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ২৫ বিলিয়ন মার্কিন ডলার। এবার লক্ষ্যমাত্রা ২৭ বিলিয়ন। এটা আমরা বাস্তবায়ন করবই।”

গত এক মাসের বেশি সময় ধরে ২০ দলের অবরোধ-হরতাল চলায় মহাসড়কে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে বিমানে পণ্য পাঠানোয় ব্যয় বেড়ে যাচ্ছে বলে ব্যবসায়ীরা বলে আসছেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, “রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবহণ ব্যয় বেড়েছ। কিন্তু, সরবরাহ ঠিক আছে। আমরা এই সাপ্লাই চেইন ঠিক রেখেছি।”

গত এক মাসে অবরোধে ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা সঙ্কট সমাধানের জন্য রাজনীতিকদের প্রতি জোর আহ্বান জানিয়ে আসছেন। 

অবরোধে নাশকতার মধ্যে মহাসড়কে পণ্যবাহী ট্রাক পুলিশ-বিজিবির পাহারায় বন্দর থেকে আনা-নেওয়া হচ্ছে। 

তোফায়েল বলেন, অবরোধ ও সহিংসতার মধ্যে পোশাক খাতে রপ্তানি ইতিবাচক রয়েছে। পোশাক রপ্তানিসহ সার্বিক সরবরাহ ব্যবস্থা যথাযথ রয়েছে।

“অবরোধ, হরতাল ও সহিংসতা সত্ত্বেও বর্তমান অর্থ-বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) তৈরি পোশাক রপ্তানি পূর্ববর্তী অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি শতকরা শূন্য দশমিক ৭৭ ভাগ।”

চলমান পরিস্থিতিতে পোশাক খাত ও ব্যবসা-বাণিজ্যের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি ২০১৪ সালে ৬৫ লাখ ৮৯ হাজার টাকার ওষুধ রপ্তানি করেছে।

পুরনো খবর:

পণ্য জমছে, সোনা মসজিদে বেকার শত শ্রমিক