২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য জমছে, সোনা মসজিদে বেকার শত শ্রমিক

আমদানি করা ভারতীয় পণ্যবাহী ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে এলেও অবরোধের মধ্যে ট্রাকের অভাবে খালাস না হওয়ায় সৃষ্টি হয়েছে পণ্যজট।

রবিউল হাসান ডলার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 09:09 AM

Updated : 12 Oct 2022, 03:15 PM

এর ফলে একদিকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের বন্দরে আসা যেমন কমছে, তেমনি বেকার হয়ে পড়েছে পণ্য খালাসের কাজে নিয়োজিত বন্দরে কয়েকশ শ্রমিক।

মাসব্যাপী চলমান বিএনপিসহ বিরোধী জোটের এই অবরোধে বন্দরে আমদানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিদিন সরকার হারাচ্ছে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব।

বৃহস্পতিবার স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরের পণ্যাগারে ৫ শতাধিক ভারতীয় ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে; শেডে অলস সময় কাটাচ্ছেন কয়েকশ শ্রমিকরা।

বেসরকারি বন্দর পরিচালনা প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, গত জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ১৯ তারিখ থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

“গত জানুয়ারি মাসে এই বন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক আসে ৫ হাজার ২৫০টি। অথচ গত বছরে ডিসেম্বরে এসেছিল ৮ হাজার ৭৫০টি ট্রাক। এ মাসের প্রথম ৩দিনে ট্রাক এসেছে এক হাজারের বেশি। এর বিপরীতে অবরোধের মধ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবির পাহারায় প্রায় সাড়ে ৩ হাজার বাংলাদেশি ট্রাক আমদানিকৃত পণ্য নিয়ে বন্দর ছেড়েছে।”

তিনি জানান, অবরোধের আগে প্রতিদিন প্রায় ৫০০ বাংলাদেশি ট্রাক লোড ও আনলোড হলেও বর্তমানে হচ্ছে সর্বোচ্চ ২০০ ট্রাক খালাস হচ্ছে।

এদিকে পণ্য খালাস না হওয়ায় বন্দরের ওপর নির্ভরশীল শ্রমিকদের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে।

শিয়ালমারা গ্রামের শ্রমিক মন্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশি ট্রাকের অভাবে পণ্য খালাস করতে না পারায় তাদের আয় অনেক কমে গেছে। এর ফলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

উত্তর জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, “আগে প্রতিদিন পণ্য খালাস করে আয় হতো ২০০ থেকে ২৫০ টাকা। বর্তমানে আয় হচ্ছে মাত্র ৬০-৭০ টাকা।

একই অবস্থা লাতৈড় গ্রামের শাহদিন, ঊনিশবিঘী গ্রামের আনারুল ও গোপালপুর গ্রামের আবু বাক্কারের।  তারা দ্রুত এই পরিস্থিতির অবসান চান।

ব্যবসায়ীরা বলছেন, অবরোধের তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বন্দর থেকে পাহারায় থাকার পরেও বেশ কয়েকটি ট্রাক দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছে। পণ্য পাঠানোর পরেও তার আতংকে থাকেন।

আমদানিকারক জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাক সংকটের কারণে ট্রাকের ভাড়াও বেড়েছে প্রায় দ্বিগুন। এছাড়া ট্রাক সংকটের কারণে সময়মতো পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হচ্ছে না।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার নুরুল বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর ডিসেম্বরে ১০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছিল ৪৯ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু জানুয়ারি মাসে ২১ কোটি ১৬ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় ১৬ কোটি ৩৬ লাখ টাকা।

“ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৫ কোটি টাকা। দেশে এরকম পরিস্থিতি চলতে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন দুরুহ হবে।”

তিনি জানান, অবরোধের কারণে গড়ে প্রতিদিন সোনামসজিদ বন্দর থেকে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।