গ্রামীণফোন দেবে ৬৫% চূড়ান্ত লভ্যাংশ
বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ৬৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে কোম্পানিটি ৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল।
গ্রামীণফোন জানিয়েছে, পর্ষদ বৈঠকে বিদায়ী হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। গত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা। আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা ২৩ পয়সা।
২১ এপ্রিল বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেন্টার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে জিপির প্রধান নির্বাহী রাজিব শেঠি ২০১৪ সালের প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী প্রকাশ করেন তাতেও লভ্যাংশ সংক্রান্ত এ ঘোষণা দেওয়া হয়।
