প্রযুক্তি মেলার পর্দা উঠছে সোমবার
‘ফিউচার ইজ হিয়ার’ যার অর্থ দাঁড়ায় ‘এখানেই ভবিষ্যৎ’- এমন স্লোগানে সোমবার শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’।
আইসিটি খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে এই মেলা।
মেলার সর্বশেষ তথ্য জানাতে রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, “প্রথমবারের মত আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংযোজন করেছি। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাও মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।”
এছাড়া মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আদীম, নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. মিনেন্দ্র প্রসাদ রিজা ও ভুটানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ডি এন ডানগায়েল মেলায় অংশ নেবেন।
ফেইসবুক এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের পরিচালক আখি দাস এবং গুগলসহ কয়েকটি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও মেলার বিভিন্ন আয়োজনে অংশ নেবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়বেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ মেলার অংশ নেওয়া পাবলিক সার্ভিস প্রতিষ্ঠানগুলো থেকে একটি প্রতিষ্ঠানসহ ৫৮টি প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির যথাযথ ও সর্বোচ্চ ব্যবহারের জন্য পুরস্কৃত করা হবে।
তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিস সভাপতি শামীম আহসানসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
