২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বাড়াতে বাংলাদেশে ইইউর বিজনেস কাউন্সিল

অর্থনৈতিক সম্পর্ক ‘জোরদারে’ বাংলাদেশে একটি বিজনেস কাউন্সিল চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 10:55 AM

Updated : 22 Aug 2022, 11:39 AM

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশই বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার, যেখানে বাংলাদেশের সব পণ্যই শুল্কমুক্ত সুবিধা পায়।

‘ইউরোপিয়ান ইউনিয়ন বিজনেস কাউন্সিল বাংলাদেশ’-ইউবিসিবি নামের এই কাউন্সিল বুধবার ঢাকার একটি হোটেলে প্রথমবারের মতো সভা করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বলে ঢাকায় ইইউ প্রতিনিধি দলের এক বিবৃতিতে বলা হয়।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মাইয়েদুরের সভাপতিত্বে ওই বৈঠক হয়।

কাউন্সিলের সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, স্পেন, ইতালি ও নেদারল্যান্ডসের বাণিজ্য মিশনের পাশাপাশি এসব দেশের সঙ্গে গড়ে ওঠা দ্বিপক্ষীয় চেম্বারগুলোর বাণিজ্য প্রতিনিধিরা সভায় অংশ নেন।

বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো সনাক্তে কাজ করবে ইইউবিসিবি। 

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ‘পূর্ণাঙ্গ অর্থনৈতিক’ সম্পর্ক গড়ে তুলতে গঠিত হয়েছে ইইউবিসিবি।  

“অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ সরকার ও সংশ্লষ্টিদের সঙ্গে কার্যকর আলোচনায়ও সহায়তা দেবে এই বাণিজ্য কাউন্সিল” বলা হয় বিবৃতিতে।

এছাড়া ইইউভুক্ত দেশ এবং তাদের চেম্বারগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যম হিসাবেও কাজ করবে কাউন্সিল।  

দ্বিপক্ষীয় একটি চেম্বারের একজন নির্বাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূলত ‘অ্যাডভোকেসি ফোরাম’ হিসাবে কাজ করবে এই কাউন্সিল।

ইউবিসিবির প্রথম সভায় আলোচনার সারসংক্ষেপ আগামী ২৭ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের যৌথ কমিশনের বাণিজ্য উপকমিটির বৈঠকে তুলে ধরা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।