২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টুপিড নেত্রী’ দেশ ধ্বংসের চেষ্টায়: মুহিত

খালেদা জিয়াকে ‘স্টুপিড লিডার’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি চেয়ারপারসন বাংলাদেশকে ধ্বংসের চেষ্টায় আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 09:01 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

বুধবার বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতি নিয়ে এক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে বিএনপি জোটের ‘সহিংস কর্মসূচির’ সমালোচনায় তিনি এ কথা বলেন।

লাগাতার অবরোধ ও হরতালের মধ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩৩ দেশের ৮৮০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রদর্শনী শুরু হয়।

মুহিত বলেন, ২০১৩ সালের ‘সহিংস রাজনীতির’ পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। অর্থনীতির সবগুলো সূচকই ‘ইতিবাচক’ অবস্থায় এসেছিল। ২০১৪ সাল ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য ‘সবচেয়ে ভালো বছর’। সামাজিক ও মানবাধিকারের ক্ষেত্রে ‘অনেক উন্নতি’ হয়ছিল।

“কিন্তু বিএনপি নেত্রী এসব পছন্দ করছেন না। তিনি দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। স্টুপিড লিডার! তার কর্মকাণ্ড সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এ নেত্রী এ সব করছেন।”

অর্থমন্ত্রীর ভাষায়, দেশে কোনো ‘অস্থিরতা’ নেই, যা হচ্ছে তা ‘স্রেফ সন্ত্রাস’।

“দেশের কোনো মানুষই এটা পছন্দ করেন না। তারপরও তিনি এটি ঘটিয়েই যাচ্ছেন।... তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন।”

তবে মুহিতের বিশ্বাস, শিগগিরই দেশের এ ‘সমস্যার’ সমাধান হয়ে যাবে, যে কথা তিনি কযেকদিন আগেও বলেছেন। 

বিটিএমএর সঙ্গে তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে ঢাকায় চার দিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো এবং স্থানীয়ভাবে এসব যন্ত্রপাতি সংগ্রহের সুযোগ করে দিতে প্রতিবছরই এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এবারের দ্বাদশ আয়োজনে ১৬টি হলে ১ হাজার ৬০টি বুথে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর যুগপূর্তি উপলক্ষে ১২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সম্মাননা।

শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।

অন্যদের মধ্যে বস্ত্রমন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএর সহ সভাপতি আসলাম সানি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।