ইপিজেডের নারী শ্রমিকরা পাবে ডরমিটরি
দেশের প্রতিটি ইপিজেডে নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেপজা গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানানা প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী।
চার বছর পর বেপজা গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হলো।
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে প্রেস সচিব বলেন, “নারী শ্রমিকদের আবাসন সুবিধার জন্য প্রতিটি ইপিজেডে একটি করে ডরমিটরি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। ডরমিটরি বেপজা নির্মাণ করবে এবং অর্থ আসবে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিল থেকে।”
গত ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি ইপিজেডে চার লাখ পাঁচ হাজার ১৬৬ জন শ্রমিক কর্মরত ছিলেন; যার মধ্যে ৬৪ শতাংশ নারী।
আদমজি ইপিজেডে অবাঙালিদের পুনর্বাসন করে তাদের দখলে থাকা আদমজি জুট মিলের জায়গা পুনরুদ্ধর করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান শামীম চৌধুরী।
“আদমজিতে দুই নম্বর মিলটির জায়গা রয়েছে। যারা সেখানে পাটকল করতে আগ্রহী তাদের সেখানে প্লট দেওয়া হবে। ওই মিলের অবাঙালি শ্রমিকদের দখলে ২৬ দশমিক ৮৪ একর জায়গা রয়েছে।
“অবাঙালি ১৪০৭ জনের মধ্যে ইতোমধ্যে ২০০ জনের পুর্নবাসন করা হয়েছে। বাকিদের ফ্ল্যাট তৈরি করে সেখানে পুনর্বাসন করা হবে এবং নতুন পাটকল স্থাপিত হলে সেখানে তাদের চাকরির ব্যবস্থা করা হবে।”
প্রেস সচিব জানিয়েছেন, “ইউনিয়ন পর্যায়ে ইপিজেড হলে নির্ধারিত কর দিতে হবে না।”
বর্তমানে ইউনিয়ন পর্যায়ে ইপিজেড হলে বেপজাকে ওই ইউনিয়ন পরিষদকে ৫ শতাংশ হারে হোল্ডিং কর পরিশোধ করতে হয়।
বেপজার গভর্নিং বডির বৈঠকের আগে বাংলাদেশে ইরাকের বিদায়ী রাষ্ট্রদূত শাকির কাশিম মাহদি প্রধনমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
