ত্রিপুরায় যাচ্ছে ডায়মন্ড সিমেন্ট
ভারতের ত্রিপুরা রাজ্যে সিমেন্ট রপ্তানি শুরু করেছে বাংলাদেশের বেসরকারি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট।
মঙ্গলবার ডায়মন্ড সিমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্যায়ে প্রতি মাসে ৮০০ মেট্রিক টন স্ল্যাগ ক্যাটাগরির সিমেন্ট ত্রিপুরায় রপ্তানি করা হচ্ছে। শিগগিরই অর্ডিনারি পোর্টল্যান্ড (ওপিসি) ক্যাটাগরির সিমেন্টও রপ্তানি করা হবে।
রপ্তানি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গত শুক্রবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সিমেন্ট ব্যবসায়ীদের এক সম্মেলনেরও আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করে ত্রিপুরা চেম্বার অব অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এল দেবনাথ বলেন, সিমেন্ট, রড, প্লাস্টিক ও খাদ্য সামগ্রীসহ অনেক বাংলাদেশি পণ্য ত্রিপুরার বাজারে ভালো অবস্থায় আছে। উন্নত মান ও সঠিক দামের কারণে এ রাজ্যের মানুষের কাছে বাংলাদেশের পণ্যের কদর আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী বলেন, বাংলাদেশের চাহিদা মিটিয়ে ডায়মন্ড সিমেন্ট রপ্তানি বাজার সম্প্রসারণের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে ত্রিপুরায় রপ্তানি শুরু হল।
সম্মেলনে ত্রিপুরা রাজ্যের আটটি জেলা থেকে আসা দেড় শতাধিক সিমেন্ট ব্যবসায়ী অংশ নেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের এজিএম (মার্কেটিং) এম এ রহিম, ম্যানেজার (মার্কেটিং) মোখলেসুর রহমান ও মো. কামরুজ্জামান এবং ত্রিপুরার আমদানিকারক সেলিম মিয়া।
