অবরোধে পরিবহন সংকট, নগরবাড়ী ঘাটে সারের স্তূপ
টানা অবরোধ আর হরতালে পরিবহন সংকটের কারণে পাবনার নগরবাড়ী ঘাট থেকে উত্তরবঙ্গে সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আমদানি করা সার সময়মতো সরবরাহ করতে না পারায় স্থানাভাবে খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। এতে সারের গুণগত মান নষ্টের পাশাপাশি বিপাকে পড়ছেন সার আমদানিকারক, শ্রমিকসহ এর সঙ্গে সংশ্লিষ্টরা।
সময়মতো এসব সার সরবরাহ করতে না পারলে উত্তরাঞ্চলে আগামী ইরি-বোরো আবাদে বিপর্যয়ের আশংকা করেছেন চাষিরা।
সার আমদানিকারক নগরবাড়ি ঘাটের এশা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরবাড়ী ঘাট থেকে উত্তরাঞ্চলের বিসিআইসির ১৪টি বাফার গুদামে সার সরবরাহ করা হয়।
অনুমোদিত ঠিকাদার ও আমদানিকারকরা চট্টগ্রাম থেকে জাহাজে সার এনে এখান থেকে ট্রাকযোগে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন।
অবরোধে নৌপথ স্বাভাবিক থাকায় প্রতিদিনই নিয়মিতভাবে সারবাহী জাহাজ ঘাটে ভিড়ছে, কিন্তু সড়ক পথে পরিবহন সংকটে সার সরবরাহ কমে যাওয়ায় নগরবাড়ি ঘাটে খোলা আকাশের নিচে সারের স্তূপ বেড়েই চলেছে।
দীর্ঘদিন এভাবে সার পড়ে থাকলে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন নগরবাড়ী ঘাট থেকে গড়ে ১০০/১৫০ ট্রাক সার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হলেও বর্তমানে সেখানে ১০/১৫ ট্রাক সার সরবরাহ হচ্ছে।
নওগাঁ থেকে আসা ট্রাক চালক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশী নিরপত্তায় বগুড়া পর্যন্ত এসেছেন। পরে ঝুঁকি নিয়ে নগরবাড়ি ঘাট পর্যন্ত আসতেই পথে পিকেটারদের হামলার শিকার হতে হয়েছে।
ঘাটে মাল নিতে ট্রাক কম আসায় তাদের কাজ কমে গেছে বলে জানান ঘাটের শ্রমিক রুহুল আমিন।
নগরবাড়ি সার আমদানিকারক সমিতির যুগ্ম সম্পাদক ও বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের কারণে তাদের ব্যবসাবাণিজ্যে চরম ব্যাঘাত ঘটছে। ঝুঁকি নিয়ে ট্রাক চালকরা সার পরিবহনে রাজি হচ্ছে না। ফলে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
সরবরাহ কমে যাওয়ায় ঘাটে সার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিকদের উপার্জনও কমে গেছে বলে জানান তিনি।
সার আমদানিকারক রতন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সময়মতো সরবারাহ করতে না পারায় জমে যাওয়ায় আনুমানিক ২ লক্ষাধিক বস্তা সার খোলা আকাশের নীচে রাখা হয়েছে। নগরবাড়ি ঘাটে একটি বাফার গুদাম থাকলে সার নষ্ট হওয়ার ঝুঁকি থাকত না।
অবরোধের কারণে বিপুল পরিমাণ সার এখানে আটকে আছে।
আগামী ইরি-বোরো মৌসুমে উত্তরাঞ্চলে সার সরবরাহ নিশ্চিত না করতে পারলে আবাদে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলেও মনে করেন তিনি।
