সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে নয় দিন বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার আশ্বাসে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমিদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার দুপুর থেকে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয় বলে জানিয়েছেন বন্দর কাস্টমসের সহকারী কমিশনার নুরুল বাশির।
তিনি জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে সোমবার সকালে আমদানি- রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর শ্রমিক সমন্বয় পরিষদের সঙ্গে জেলা প্রাশসন এক আলোচনা সভায় বসে।
পণ্য পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের নিরাপত্তা দেবে এমন আশ্বাস দেওয়ার পর বাংলাদেশের আমদানিকারকরা ভারতের রপ্তানি কারকদের অনুরোধ করেন।
এরপর দুপুর আড়াইটা থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
নুরুল বাশির আরও বলেন, টানা অবরোধের কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্য দেশের অভ্যন্তরে পাঠাতে না পারায় আমদানিকারকরা রপ্তানিকারকদের অনুরোধ করলে গত ১০ জানুয়ারি পণ্য রপ্তানি বন্ধ করে দেন তারা।
আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, জেলা প্রশাসক জাহাঙ্গীর কবির, ৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক, পুলিশ সুপার বশির আহমেদ, র্যাব-৫ চাঁপাইনাবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামানসহ আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর শ্রমিক সমন্বয় পরিষদ ও ট্রাক মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
