চট্টগ্রামে বেড়েছে কিছু সবজি ও মাছের দাম
অবরোধ ও হরতালের মধ্যে পরিবহন সঙ্কটের প্রভাবে চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে কিছু সবজি ও মাছের দাম বেড়েছে।
শুক্রবার নগরীর কাজীর দেউড়ি ও রিয়াজ উদ্দিন বাজার ঘুরে দেখা যায়, জেলার বাইরে থেকে আসা কিছু সবজি ছাড়া কাঁচা বাজার প্রায় স্বাভাবিক।
এবার চট্টগ্রামের উপজেলাগুলোতে সবজির মৌসুমি উৎপাদন ভাল হওয়ায় দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি বিক্রেতাদের।
রিয়াজ উদ্দিন বাজারের সবজির আড়ত বিসমিল্লাহ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মান্নান সওদাগর বলেন, “দ্বিগুন ভাড়া দিয়ে অবরোধের মধ্যে উত্তরবঙ্গ থেকে ঝুঁকি নিয়ে কাঁচামাল আনতে হচ্ছে আমাদের। আগে ১৫ হাজার টাকায় ট্রাক আসত এখন দিতে হচ্ছে ট্রাকপ্রতি ৩২ হাজার টাকা।
“আশার কথা হলো, পুলিশ প্রহরায় ট্রাক আসছে। বেশি ভাড়ার কিছুটা প্রভাব খুচরা মূল্যে পড়ছে। তবে সেটা খুব বেশি না।”
তবে কাজীর দেউড়ির বাজারে সবজি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, অবরোধের আগে উত্তরবঙ্গ থেকে আসা ফুলকপি প্রতিকেজি বিক্রি ২০ টাকায় বিক্রি হলেও শুক্রবার দাম বেড়ে ৩০ টাকা হয়।
তবে স্থানীয়ভাবে উৎপন্ন সবজির দাম প্রায় স্থিতিশীল রয়েছে বলে জানা ব্যবসায়ীরা।
রিয়াজ উদ্দিন বাজারের সবজি বিক্রেতা ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের কোনো প্রভাব নেই সবজি বাজারে। অবরোধের আগে যে দামে বিক্রি করেছি, এখনও একই দামে বিক্রি করছি।
রিয়াজ উদ্দিন বাজারে শুক্রবার বেগুন ও আলু প্রতি কেজি ২০ টাকায় এবং শিম ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।
সরবরাহ কম থাকায় বাজারে বরবটির দাম একটু বেড়ে প্রতিকেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় উৎপাদিত টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ টাকায়।
সবজি বিক্রেতা ফারুক জানান, সীতাকুন্ড, মিরসরাই, চন্দনাইশ ও রাঙ্গুনিয়া থেকে শহরের বাজারগুলোতে অধিকাংশ সবজি আসছে এখন। এসব উপজেলায় সবজির উৎপাদনও ভাল।
এছাড়া কাজির দেউড়ি বাজারে প্রতিকেজি নাইলোটিকা (জীবিত) মাছ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। দেশি রুই মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।
রিয়াজ উদ্দিন বাজারে নাইলোটিকা মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে ও রুই ২৫০ টাকায়।
কাজীর দেউড়ি বাজারের মাছ বিক্রেতা আহমেদ মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধ ও হরতালের কারণে মাছের দাম প্রতি কেজিতে ৩০ টাকা করে বেড়েছে।
নগরীর পাড়া মহল্লার বাজার গুলোতে ২০০ টাকা কেজি দরে থাই কই মাছ ও ১৮০ টাকা দরে ছোট আকারের রুই মাছ বিক্রি হতে দেখ যায়।
