সায়মন বিচ রিসোর্টের যাত্রা শুরু
অর্ধশত বছরের বেশি সময়ের অভিজ্ঞতার ধারাবাহিকতায় কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা এনে যাত্রা শুরু করলো পাঁচ তারকা মানের হোটেল ‘সায়মন বিচ রিসোর্ট’।
বৃহস্পতিবার কলাতলী সৈকতের মেরিন ড্রাইভে অবস্থিত সাগরমুখী এই হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ৫০০ অতিথির উপস্থিতিতে ফিতা কেটে হোটেলের উদ্বোধন করেন প্রধান অতিথি রাশেদ খান মেনন ।
২২৮ কক্ষের এই হোটেলে রয়েছে বঙ্গোপসাগরের ১৮০ ডিগ্রি দৃশ্যধারক ১৬টি প্যানারোমা ওশান স্যুট, ২৬টি সাগরমুখী ডিলাক্স স্যুট ও ১৭৬টি সাগর ও পাহাড়মুখী কক্ষ। সবগুলো কক্ষেই এলসিডি টিভি, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, কেন্দ্রীয় ওয়াটার হিটিং সিস্টেম ও রুম কন্ট্রোলারসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
বেশিরভাগ কক্ষ থেকেই সৈকত দৃশ্যমান; সঙ্গে আছে বিশাল সুইমিং পুল ও বার ডেক। আছে তিনটি রেস্তোরাঁ ও একটি বিশাল ডেকের ফ্রন্ট বার; সঙ্গে সভা, সম্মিলনি ও প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে। ম্যারিনা বলরুমে একসঙ্গে ৭০০ জনের বসার ব্যবস্থা আছে। এছাড়াও বিভিন্ন কর্পোরেট আয়োজনের জন্য রয়েছে পাঁচটি ভিন্ন আকারের হলরুম।
সায়মন বিচ রিসোর্টের মালিকানা ও পরিচালনায় রয়েছে তৃতীয় প্রজন্মের উদ্যোক্তা পরিবার, যেটি ১৯৬৪ সালে ছোট পরিসরে হোটেল সায়মন প্রতিষ্ঠা করে।
সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, “সেবার মান, সুযোগ-সুবিধা ও আরামদায়ক হওয়ার দিক থেকে এটি হবে কক্সবাজারের অন্য হোটেলগুলোর মধ্যে তুলনাহীন।
“৬০ এর দশক থেকে ৯০ এর দশকের প্রথম দিক পর্যন্ত ছুটির দিনের কক্সবাজারের পর্যটকদের বরাবরের পছন্দের ব্রান্ড ছিল সায়মন। নতুন এই আধুনিক হোটেলের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমরা হারানো ওই গৌরব ফিরে পেতে চাই।”
