২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল থেকে পণ্য পরিবহন ৫০ শতাংশ কমেছে

অবরোধ-হরতালে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন অন্তত ৫০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 08:26 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

ভাংচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার ভয়ে বন্দর থেকে খালাস করা পণ্য নেওয়ার জন্য অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বন্দর থেকে প্রতিদিন গড়ে চারশ থেকে সাড়ে পাঁচশ ট্রাক, লরি ও কভার্ডভ্যান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করে।

“অবরোধ-হরতালে বন্দর থেকে পণ্য পরিবহন অন্তত ৫০ শতাংশ কমে গেছে।”

আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার থেকে পাঁচশ গাড়ির চাহিদা থাকলেও অবরোধের আট দিনে বন্দর থেকে খালাসকৃত পণ্য পরিবহন হয়েছে ২ হাজার ৩৭ ট্রাক।

৫ জানুয়ারি বেনাপোল বন্দর থেকে দেশের অভ্যন্তরে গেছে ২০৫ ট্রাক, ৬ জানুয়ারি ১২৬ ট্রাক, ৭ জানুয়ারি ২৩৪ ট্রাক, ৮ জানুয়ারি ৩৫৬ ট্রাক, ১১ জানুয়ারি ২৫৬ ট্রাক, ১২জানুয়ারি ২৯৭ ট্রাক, ১৩ জানুয়ারি ২৭৪ ট্রাক এবং ১৪ জানুয়ারি গেছে ২৮৯ ট্রাক পণ্য।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন মিলন বলেন, “প্রতিটি ট্রাক, কভার্ডভ্যানের পরিবহন ভাড়া দ্বিগুণের চেয়েও বেশি দিতে হচ্ছে। এরপরও গাড়ি পাচ্ছি না।”

তিনি মনে করেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়বেন ব্যবসায়ীরা। শিল্প কারখানার কাচাঁমাল সরবরাহ নিতে না পারায় সবচেয়ে বেশি সংকটে পড়ছেন ওই খাতের ব্যবসায়ীরা।

অতিরিক্ত পরিবহন খরচে বেনাপোল বন্দর থেকে ঢাকায় পণ্য পাঠিয়েছেন জানিয়ে কপোতাক্ষী এজেন্সীজ এর স্বত্ত্বাধিকারী ও সিএন্ডএফ ব্যবসায়ী মশিয়ার রহমান বলেন, নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই পণ্য পাঠাতে হচ্ছে। এসব গাড়ির ভাড়া নির্দিষ্ট হারের চেয়ে ৪ থেকে ৬ হাজার টাকা বেশি নিয়েছে।

এরপরও চাহিদা অনুযায়ী পরিবহন পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

চাহিদার তুলনায় গাড়ি কম থাকায় সংকট তৈরি হয়েছে জানিয়ে শার্শা, বেনাপোল, ঝিকরগাছা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুছা মাহমুদ বলেন, নাশকতার আশঙ্কায় ৪০ শতাংশ গাড়ি বন্ধ রেখেছেন মালিকরা। ফলে সংকট তৈরি হয়েছে। এতে গাড়ি ভাড়া ৪ থেকে ৬ হাজার টাকা বেড়েছে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুজ্জামান জানান, পরিবহন সংকটের কারণে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারলে একদিকে অতিরিক্ত মাশুল গুনতে হয়, অন্যদিকে নির্দিষ্ট সময়ে পণ্য পৌঁছাতে না পারলে কারখানা বন্ধ এবং শিপমেন্ট বাতিলের আশঙ্কা থাকে।

বেনাপোল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি জানান, অবরোধে বেনাপোল বন্দরে ব্যবসায়ীরা সমস্যায় না পড়লেও বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ ও ভারতে পণ্য রপ্তানিতে তার প্রভাব পড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাশকতার আশঙ্কায় অনেক মালিক গাড়ি বন্ধ রেখেছেন। আতঙ্কে চালক ও সহকারীরা গাড়ি চালাতে চাইছেন না।

তবে, এ অবস্থায় ঝুঁকি নিয়ে বেশি ভাড়ায় কেউ কেউ বন্দরে গাড়ি সরবরাহ করছেন। তারা ভাড়া নিচ্ছেন অতিরিক্ত।

ঢাকা থেকে রপ্তানি পণ্য নিয়ে বেনাপোলে আসার সময় মঙ্গলবার রাতে মানিকগঞ্জে অবরোধকারীদের হামলার শিকার হন যশোর-ট-১১-৮১৬ নম্বর ট্রাকের চালক আব্দুল খালেক।

বৃহস্পতিবার বেনাপোল বন্দরের রপ্তানি চেকপোস্টে ওই চালকের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।

তিনি বলেন, ওই রাতে তারটিসহ আটটি ট্রাকে হামলা হয়। ট্রাকগুলোর সামনের গ্লাস ভেঙ্গে দিয়েছে অবরোধকারীরা। গ্লাস ভেঙে তারা কয়েকজনও আহত হন বলে তিনি জানান।