২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি টাকা ক্ষতির শঙ্কায় পর্যটন সংশ্লিষ্টরা

হরতাল-অবরোধের কারণে পর্যাপ্ত পর্যটক না পাওয়ায় চলতি মৌসুমে শত কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন বাংলদেশের ট্যুর অপরেটররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 04:44 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এখন পর্যন্ত ক্ষতির পুরো চিত্র পাওয়া না গেলেও এই শিল্পের ব্যবসায়ীরা বলছেন, সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে চলতি বছর পর্যটন মৌসুমে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৮০ থেকে ১০০ কোটি টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে এক সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের উদ্বেগ জানান ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব।

টানা অবরোধের দশম দিন সাংবাদিকদের সামনে তারা বলেছে, বাংলাদেশের আবহাওয়াগত কারণে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মার্চ মাস পর্যন্ত চলে পর্যটনের মৌসুম।

“বছরের শুরুতেই রাজনৈতিক সহিংসতার কারণে ইতোমধ্যে ৫০ শতাংশ অগ্রিম বুকিং বাতিল হয়েছে। আমরা ধারণা করছি মার্চ পর্যন্ত এটি ৭৫ শতাংশে গিয়ে দাঁড়াবে,” বলেন টোয়াব পরিচালক তৌফিক রহমান।

এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হিসাব করেননি জানালেও তার ধারণা, ক্ষতির পরিমাণ ৮০-১০০ কোটির টাকার কম হবে না।

শুধু স্বল্প মেয়াদে নয়, এ ধরনের রাজনৈতিক সহিংসতার জন্য দীর্ঘ মেয়াদেও বাংলাদেশের পর্যটন শিল্পকে ভুগতে হবে বলে মনে করেন তৌফিক।

সংবাদ সম্মেলনে বিদেশি পর্যটক বহনকারী গাড়ি রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি তোলেন ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু।

“আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্লিজ, আমাদের বাচ্চাদের পেটে লাথি মারবেন না। ট্যুরিজমকে নোংরা রাজনীতি থেকে দূরে রাখুন।”

ট্যুর প্ল্যানার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল হকও পর্যটকবাহী যানবাহন হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান কবিরও ব্যবসায়ীদের দাবির প্রতি সমর্থন জানান।