২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

একইসঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতো শ্রী মুস্তাফা মুহামেদ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে বলেছেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে। সেটা কমানোর জন্য দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করা প্রয়োজন।”

বাংলাদেশে প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কেনে। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায় সাড়ে ১৩ কোটি ডলারের পণ্য।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে শামীম চৌধুরী বলেন, “দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেলে বাংলাদেশ বেশি লাভবান হবে।” 

এসময় মালয়েশিয়ার মন্ত্রী বলেছেন, “দুদেশের মধ্যে বিজনেস ফোরাম কার্যকরী হলে বাণিজ্য ঘাটতি কমে যাবে।”

Image
ছবি: পিএমও

ছবি: পিএমও

তিনি গত পাঁচ বছর ধরে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক দুই শতাংশ থাকায় প্রশংসা করেন।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদেরও মালয়েশিয়ার মন্ত্রী প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব।

এর পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারি।

শামীম চৌধুরী বলেন, মেধাস্বত্ত্ব সংস্থার মহাপরিচালক বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, উন্নয়নের প্রতিটা খাতেই বাংলাদেশ খুব ভালো করছে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই মেধাস্বত্ত্বকে সমুন্নত রাখতে হবে।