বেনাপোল দিয়ে রপ্তানি কমেছে ৭০ শতাংশ
টানা অবরোধ ও হরতালে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ৭০ শতাংশ হ্রাস পেয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল একথা নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এই বন্দর দিয়ে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়। অথচ ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট রপ্তানি হয়েছে ৫৭২ ট্রাক পণ্য।
তবে, ভারত থেকে আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
আব্দুল জলিল জানান, জানুয়ারির ৫ তারিখ অবরোধ ঘোষণা করা হয়। ওই দিন থেকে সোমবার পর্যন্ত ভারত থেকে আমদানি হয়েছে ২ হাজার ৭১ ট্রাক পণ্য।
একই সময় রপ্তানি হয়েছে ৩৩৩ ট্রাক।
“আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি কমেছে ৭০ শতাংশ,” বলেন তিনি।
বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধীদলের টানা অবরোধ-হরতালে দেশের অভ্যন্তর থেকে রপ্তানি পণ্যবাহী ট্রাক বন্দরে আসতে পারছে না।
এ কারণেই রপ্তানি দিনকে দিন রপ্তানি কমে যাচ্ছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুজ্জামান জানান, বেনাপোল দিয়ে পাটজাত পণ্য ও গার্মেন্টস পণ্য বেশি রপ্তানি হয়ে থাকে।
কিন্তু টানা অবরোধ আর হরতালে রপ্তানিকারকরা পণ্য রপ্তানি করতে পারেননি।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান জানান, নতুন বছরের শুরুতে দেশে রাজনৈতিক অচলাবস্থা রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলেছে। পরিবহন সংকটের কারণে রপ্তানিকারকরা পণ্য বেনাপোল পাঠাতে পারছেন না।
