বাণিজ্যমেলায় ওয়ালটনের ৩০টি নতুন মডেলের পণ্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন নিয়ে এসেছে বিভিন্ন পণ্যের ৩০টিরও বেশি নতুন মডেল।
রোববার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, টেলিভিশন, ফ্রিজ, এয়ারকুলার, মোটরসাইকেল, মোবাইল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের এসব নতুন মডেলের পণ্য বাণিজ্যমেলায় তুলেছে ওয়ালটন।
পাশাপাশি প্রত্যেক পণ্যে দেয়া হচ্ছে ছাড়।
ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার জানান, মেলায় ২৫৪ ও ৩১৭ লিটারের নতুন মডেলের ফ্রিজ এনেছেন তারা। এছাড়া বাজারে ছাড়ার অপেক্ষায় আছে এমন মডেলের সংখ্যা ১১।
তিনি বলেন, মেলায় সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ছাড়া দেয়া হয়েছে ফ্রিজে।
প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রায়হান বলেন, “মেলায় এসেছে ওয়ালটনের নতুন মডেলের টিভি। এরমধ্যে ৩২ ইঞ্চি ইন্টারনেট সার্ফিং টিভি, ১৯ ও ২৪ ইঞ্চি কালার লাইন এলইডি, ৫৫ ও ৬৫ ইঞ্চি কার্ভ ওএলইডি (অর্গানিক লাইট ইমিটিং ডায়াড) টিভি এবং ৬৫ ইঞ্চি এএইচডি (আল্ট্রা হাই ডেফিনেশন) থ্রিডি স্মার্ট টিভি অন্যতম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরইমধ্যে ওয়ালটন বাজারে এনেছে ৩৪টি বিভিন্ন ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। মেলায় যোগ হচ্ছে নতুন ‘এয়ার ফ্লাইয়ার’ প্রযুক্তির কুকার।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এই কুকারে রান্না করতে অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না।
ওয়ালটনের বিপণন বিভাগের অতিরিক্ত পরিচালক (মোবাইল বিভাগ) জানান, এবার প্রিমো সিরিজের এক্স-টু, এক্স-টু মিনি, এক্স-থ্রি, জেডএক্সসহ সর্বাধুনিক প্রযুক্তির প্রায় ৫০ টি মডেলের মোবাইল সেট থাকছে বাণিজ্য মেলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমেলা ও বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টেলিভিশনের দাম মডেলভেদে ৩০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে ওয়ালটন।
