২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের মধ্যে সাভারে চামড়া শিল্পের সিইটিপি: মন্ত্রী

রাজধানী থেকে চামড়া শিল্পগুলো সাভারে স্থানান্তরে সিইটিপি ছাড়া সরকার সব কাজ শেষ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 12:53 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

তিনি বলেন, সিইটিপির ৬০ শতাংশ শেষ হয়েছে, বাকি ৪০ শতাংশ চলতি বছরের মার্চের মধ্যে শেষ করা হবে।

শনিবার সকালে বর্তমান সরকারের এক বছরে শিল্প মন্ত্রণালয়ের অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেন। শিগগির চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) পুনরায় চালু করা হবে।

খুলনা নিউজ প্রিন্ট মিল এবং খুলনা হার্ডবোর্ড মিল নতুন প্রযুক্তিতে আবার চালু করতে বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

এছাড়াও ঢাকা লেদার কোম্পানি লিমিটেড পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০১৪ সালে ক্ষুদ্র ও কুটির শিল্পে (বিসিক) ৮৯ হাজার ৩৭৫ জনের নতুন কর্মসংস্থান হয়েছে। এসময় ক্ষুদ্র ও কুটির শিল্পে মোট বিনিয়োগ হয়েছে ১৬ হাজার ৭৩৮ কোটি ৮০ লাখ টাকা।

আমু বলেন, কৃষকদের সুলভ মূল্যে সার দিতে ইউরিয়া সারের মূল্য ২০ টাকা থেকে কমিয়ে প্রতি কেজি ১৬ টাকা করা হয়েছে। ডিএপি সারের মূল্য ২৭ টাকা থেকে ২৫ টাকা করা হয়েছে। ফলে দেশে ধানসহ বিভিন্ন ফসলের বাম্পার ফলন হয়েছে।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিন, বেগম পরাগ ও সুষেণ চন্দ্র দাসসহ শীর্ষ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।