চালের দ্বিতীয় চালান নিয়ে শ্রীলঙ্কার পথে ‘বাংলার কল্লোল’
দ্বিতীয় চালানের সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার কল্লোল’।
শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটি থেকে শ্রীলংকার কলম্বো বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান এসময় উপস্থিত ছিলেন।
গত ২৭ ডিসেম্বর এই বন্দর থেকে প্রথম চালানে একই পরিমাণ চাল নিয়ে শ্রীলঙ্কা যায় বিএসসির আরেক জাহাজ ‘বাংলার কাকলী’।
খাদ্য অধিদপ্তরের চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাংলার কাকলী’ ৩ জানুয়ারি কলম্বো পৌঁছেছে। সেখানে চাল খালাসের কাজও শুরু হয়েছে।
দ্বিতীয় চালানের চাল নিয়ে শনিবার যাত্রা করল ‘বাংলার কল্লোল’। গত ৩০ ডিসেম্বর থেকে এই জাহাজে চাল তোলা শুরু হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর শ্রীলংকায় ৫০ হাজার টন চাল রপ্তানির প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর ২৭ অক্টোবর চাল রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।
বাংলাদেশ সরকার ৫০ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দিলেও প্রাথমিকভাবে ২৫ হাজার টন আমদানি করছে শ্রীলংকা।
খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া ও ময়মনসিংহ থেকে এসব চাল সংগ্রহ করা হয়েছে।
চট্টগ্রামে সিএসডি গুদামে সংরক্ষণ ও যাচাই শেষে সরকার অনুমোদিত চটের বস্তায় এসব চাল ভর্তি করা হয়। এরপর ১৭ ডিসেম্বর থেকে বন্দরের জেটিতে ‘বাংলার কাকলী’ জাহাজে চাল তোলা শুরু হয়।
৩ ডিসেম্বর দুই দেশের সরকারের মধ্যে চাল রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুসারে প্রতি টন ৪৫০ ডলারে চাল নিচ্ছে শ্রীলঙ্কা।
