২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলায় গৃহস্থালি পণ্যে আগ্রহী ক্রেতারা

অবরোধের মধ্যেও ছুটির দিনে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের বেশ উপস্থিতি ছিল।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:56 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

শুক্রবার মেলায় আসা দর্শনার্থীদের বেশির ভাগের আগ্রহ ছিল আসবাবপত্র, তৈজসপত্র ও রান্নাঘরের সামগ্রীসহ গৃহস্থালির বিভিন্ন জিনিস কেনার প্রতি।

তবে স্টল ও প্যাভিলিয়নে বিভিন্ন পণ্য নিয়ে বসা বিক্রেতারা কমবেশি ছাড় দিয়েও বিক্রির পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন।

সরিজমিনে ঘুরে দেখা যায়, ওভেন, প্রেসার কুকার, ইলেকট্রিক চুলা ও ওয়াটার হিটারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য বিক্রি হচ্ছে হ্রাসকৃত মূল্যে।

দেশে তৈরি প্লাস্টিকের চেয়ার, টেবিল, টিফিন বক্স ও ওয়ারড্রোবসহ অন্যান্য সামগ্রীও পছন্দের শীর্ষে রয়েছে।

মিরপুর থেকে মেলায় আসেন গৃহবধূ শারমিন আকতার। দুপুরেই পছন্দের অনেকগুলো প্লাস্টিক পণ্য কিনে বাসায় ফিরছিলেন তিনি।

শারমিন বললেন, এসব পণ্য যত্নসহ ব্যবহার করলে অনেক টেকসই হয়।

মেলার প্রধান প্রবেশমুখের ডান পাশজুড়ে রয়েছে বিদেশি পণ্যের পসরা। ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পণ্য দিয়ে সাজানো হয়েছে এসব স্টল ও প্যাভিলিয়ন।

গৃহস্থালির আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য পানি বিশুদ্ধকরণ প্লান্ট। চীন ও তাইওয়ানসহ একাধিক দেশ থেকে আমদানি করা প্লান্ট নিয়ে একাধিক প্রতিষ্ঠান মেলায় স্টল দিয়েছে।

এরকম একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ. হোসাইন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী আবুল হোসেন জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি বিশুদ্ধ করার এসব প্রযুক্তি দর্শনার্থীদের কাছে পরিচিত করানোই তাদের উদ্দেশ্য। তবে মেলায় ক্রেতাদের সাড়াও পাচ্ছেন তারা।

ভারত, পাকিস্তান ও ইরানের কামিজ, শাল/চাদর ও মাদুরের পাশাপাশি দেশি জামদানি শাড়ি, থ্রি পিচ ও বিভিন্ন রকম শাড়ি লুঙ্গি কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। অনেক স্টলে ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

তবে জানুয়ারির শুরু থেকে আট দিন ধরে পরিমাণ বিক্রি হয়েছে তা আশানুরূপ নয় বলে জানালেন একাধিক স্টলের বিক্রেতারা।

আসবাবপত্রের ব্যবসায়ী শরীফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার বেচাকেনা হচ্ছে তার।

“এভাবে চলতে থাকলে সীমাহীন লোকসান গুনতে হবে।” তবে ধীরে ধীরে বিক্রি ভালো হবে বলে আশা করেন শরীফ।

ইরান থেকে আমদানি করা মেলামাইনের বাসনপত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে স্টল সাজিয়েছেন তিনি।

শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় দর্শনার্থীদের সংখ্যা তেমন খুব কম থাকলেও বেলা পড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

অন্য বছরের মতো এবারও রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করেছে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

মেলা শুরুর পাঁচ দিনের মাথায় ঢাকাসহ সারা দেশে গণপরিবহনের ওপর অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধের কারণে দেশি-বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের কাছ থেকে বঞ্চিত হচ্ছে মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরা।