২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিল্যান্সারদের আয় দেশে আনতে নতুন সেবা

ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে উপার্জিত বিদেশি মুদ্রা দেশে আনতে আরও একটি পেমেন্ট গেটওয়ে সিস্টেম চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:49 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশাজীবীদের এই ‘অনলাইন পেমেন্ট গেটওয়ে’ সেবা চালু করেছে ব্যাংক এশিয়া লিমিটেড।

বৃহস্পতিবার রাজধানীর পূর্বানী হোটেলে এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এসময় বিদেশ থেকে এক প্রতিষ্ঠানের উপার্জিত অর্থ দেশে আনার প্রক্রিয়াতেও অংশ নেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান পেয়োনিয়ার ইনকরপোরেটেড ইউএসএর সঙ্গে যৌথভাবে এই সেবা দিচ্ছে ব্যাংকটি।

২০১২ সাল থেকে দেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দিয়ে আসছে ব্যাংক এশিয়া। ওই বছরের মার্চ মাসে ‘পেইজা’ নামে দেশে প্রথম অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা চালু করে ব্যাংকটি।

এই সেবার দ্বিতীয় সংযোজন পেয়োনিয়ারের মাধ্যমে দ্রুত, সহজ ও তুলনামূলক কম খরচে সেবা দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

গভর্নর ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী ও পেয়োনিয়ার ইনকরপোরেটেড ইউএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট এইচ গ্যালিট।

আতিউর রহমান বলেন, বিদেশি মুদ্রা দেশে আনার প্রক্রিয়া সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা সহজ করছে। এক সময় ফ্রিল্যান্সারদের পাওনা অর্থ আনতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগতো। এখন আর তা লাগে না। এটা ছাড়াই একবারে ২ হাজার ডলার পর্যন্ত আনার সুযোগ তৈরী করা হয়েছে।

আব্দুর রউফ চৌধুরী বলেন, “ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত অর্থ সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে দেশে আনতে ব্যাংক এশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।”

স্কট এইচ গ্যালিট জানান, ২০০৫ সালে প্রতিষ্ঠিত নিউ ইয়র্কভিত্তিক পেয়োনিয়ারের ২০০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে।

প্রতি বছর কয়েক লাখ ফ্রিল্যান্সার ঝুঁকিপূর্ণ উপায়ে এবং উচ্চ ব্যয়ে উপার্জিত বিদেশি মুদ্রা দেশে নিয়ে আসে বলে অনুষ্ঠানে জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে আড়াই লাখের বেশি ফ্রিল্যান্সার সেবা বিক্রির বিপরীতে ১ কোটি ৩৪ লাখ ডলারের বেশি বিদেশি মুদ্রা দেশে এনেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান এ এম নুরুল ইসলাম, নির্বাহী কমিটির চেয়ারম্যন রুমি এ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন ও বেসিসের সভাপতি শামীম আহসান উপস্থিত ছিলেন।