টানাপোড়েনে ফুলচাষিরা
রাজনৈতিক টানাপোড়েন ও অবরোধে শঙ্কার কালো ছায়া নেমে এসেছে 'ফুলরাজ্য' হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলচাষি ও ব্যবসায়ীদের মধ্যে।
ফুলের চাষ ও এর পরিবহন-বিপণনসহ নানাকাজে গদখালীর এক লাখেরও বেশি মানুষ গত কয়েকদিন ধরে বিপর্যয়ের মুখে রয়েছে।
ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের ফুলচাষি গোলাম রসুল ১০ বিঘা জমিতে এবার বিভিন্ন জাতের ফুল চাষ করেন। আবহাওয়া ভালো থাকায় বাগানে আগের চেয়ে বেশি ফুল হয়েছে।
তিনি আশা করেছিলেন, ফুল বেঁচে ঘরে পাঁচ-ছয় লাখ টাকা ঘরে তুলতে পারবেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় তার সে স্বপ্ন ভেস্তে যেতে বসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফুলচাষি গোলাম রসুল জানান, অবরোধের কারণে তার প্রতিদিন অন্তত ২০ হাজার রজনীগন্ধ্যার স্টিক নষ্ট হচ্ছে।
একই গ্রামের আব্দুর রহিম জানান, আশির দশকের শেষদিকে শের আলী প্রথম আমাদের এলাকায় ফুলের আবাদ শুরু করেন। তার দেখাদেখি ফুল চাষ ছড়িয়ে পড়ে।এর আগে এ অঞ্চলের যে জমিতে কৃষক ধান কিংবা সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতেন তারা এখন পুরোপুরি ফুল চাষের উপর নির্ভরশীল।
তিনি বলেন, "অন্য ফসলের তুলনায় ফুল চাষ অধিক লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকরা ফুল চাষকে বেঁছে নিয়েছেন।
“এখন আর ভারত থেকে ফুল আমদানি হয় না। আমরাই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি শুরু করেছি।”
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, "গত কয়েক দিনের হরতাল অবরোধসহ রাজনৈতিক কর্মসূচিতে গদখালীর ফুলচাষি ও ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।"
এভাবে চলতে থাকলে ফুল চাষ ও ব্যবসায় ধস নামবে বলে আশঙ্কা তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের ফুল উৎপাদনের শতকরা ৭৫ ভাগই উৎপাদিত হয় যশোরের গদখালীতে। চাষ, পরিবহন, বিপণনসহ নানাকাজে এ খাতে কাজ করছেন এক লাখেরও বেশি মানুষ।
"সপ্তাহের প্রতিদিনই যশোরের ঝিকরগাছার গদখালীতে ফুলের পাইকারি বাজার বসে।"
শার্শা সদরের রাজনগর গ্রামের ফুলচাষি সাইফুল আলম জানান, টানা অবরোধে বাজার জমছে না। যানবাহন চলাচল না করায় দূর-দূরান্তের পাইকাররা আসছেন না।
ঝিকরগাছার হাড়িয়া গ্রামের ফুল ব্যবসায়ী শাহাজাহান আলী বলেন, "অবরোধের কারণে বাজার না জমায় ফুলচাষিরা জমি থেকে বিক্রির উপযুক্ত ফুল তুলতে পারছেন না। হিমাগারে ফুল রাখার ব্যবস্থা না থাকায় লাখ লাখ টাকার ফুল ফেলে দিতে হচ্ছে।
"ধানের বিকল্প হিসেবে চাষিরা এতদিন ফুলচাষ করছিল, চোখের সামনে ফুল নষ্ট হতে দেখে পেশা বদলের চিন্তা করছেন অনেকে," বলেন তিনি।
আবুল কাশেম বলেন, "পরের জমি ইজারা নিয়ে ফুলের আবাদ করেছি। নববর্ষে ফুল বিক্রির যে টার্গেট নিয়ে ছিলাম হরতাল অবরোধসহ রাজনৈতিক অস্থিরতার কারণে তা শেষ হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।"
