২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউনাইটেড এয়ারের যাত্রীরা ভোগান্তিতে

‘যান্ত্রিক ত্রুটি’র কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারের একটি উড়োজাহাজ ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এর যাত্রীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 09:52 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে বেসরকারি এই বিমান সংস্থাটির ফ্লাইট ভারতের কলকাতার উদ্দেশে ছাড়ার কথা ছিল।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইটের সময় পেরিয়ে যাওয়ার পর বিকাল ৫টার দিকে ইউনাইটেড এয়ারের কর্মকর্তারা ‘যান্ত্রিক ত্রুটির’ কথা জানান।

“ওই বিমানের যাত্রীদের জন্য পরবর্তী ফ্লাইট কখন ছাড়বে এ বিষয়ে কোনো নির্দেশনা এখনও পাওয়া যায়নি। আমরা তা জানার চেষ্টা করছি।”

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩৭ জন যাত্রী নিয়ে বিমানটির যাওয়ার কথা ছিল।

রাত ৯টা পর্যন্ত নির্দেশনা না পেয়ে ৬২ জন যাত্রী নিজ উদ্যোগে চলে গেছেন। অন্যরা এখনও বিমানবন্দরে অপেক্ষা করছেন।

পরবর্তী সময়সূচি না জানানোয় এবং থাকার ব্যবস্থা না করায় যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই বিষয়ে ইউনাইটেড এয়ারের এজিএম (মার্কেট অ্যান্ড পিআর) কামরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।