২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহজনক লেনদেন ধরা পড়ছে বেশি

দেশের আর্থিক খাতে বিদেশে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নসহ সন্দেহজনক লেনদেনের ঘটনা সনাক্ত হওয়ার সংখ্যা বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 07:29 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

২০১৩-১৪ অর্থবছরে তার আগের বছরের তুলনায় এ ধরনের লেনদেনের ঘটনা ৪৭ শতাংশ বেড়েছে।

সোমবার প্রকাশিত বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখার (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিএফআইইউ পেয়েছে মোট ৬১৯টি সন্দেহজনক লেনদেনের তথ্য, যা ২০১২-১৩ অর্থবছরে ছিল ৪২০টি। তার আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৭৫টি।

দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন গভর্নর আতিউর রহমান।

বিএফআইইউয়ের উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিপোর্টিং এজেন্সি বেড়েছে, দক্ষতা বেড়েছে। বেড়েছে মানুষের সচেতনতাও। এই কারণে মোট সন্দেহজনক লেনদেনের সংখ্যা বেড়েছে।”

আইন অনুযায়ী, কোনো লেনদেনকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সন্দেহজনক মনে করলে (বিদেশে পাচার বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে) বিএফআইইউকে জানাতে হবে।

ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা, ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মানি চেঞ্জার, রেমিটেন্স আদান-প্রদানকারী প্রতিষ্ঠান, অলাভজনক প্রতিষ্ঠান, স্বর্ণ ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠান রিপোর্টিং এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত।

প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকিং খাতের নগদ লেনদেনের (সিটিআর) পরিমাণও বেড়েছে।

২০১৩-১৪ অর্থবছরের ৩২ লাখ এক হাজার ৯২৯টি সিটিআর করেছে ব্যাংকগুলো, যা আগের অর্থবছরে ছিল ২৮ লাখ ৪৫ হাজার ৪৭৯টি। ২০১১-১২ অর্থবছরে ছিল ৩৫ লাখ ৪৬ হাজার ৯৯১টি।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহজনক লেনদেনের মধ্যে মুক্তিপণ আদায়, ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের ঘটনা রয়েছে।

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট মুক্তিপণ লেনদেনে ব্যবহৃত হচ্ছে। অনুসন্ধানে ২৩টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে মুক্তিপণের লেনদেন সম্পন্ন হয়েছে।

এসব অ্যাকাউন্টের মাধ্যমে ২১ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।