বেনাপোলে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়
বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার ৫৩ কোটি ৪৮ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
বেনাপোল শুল্কভবনের কর্মকর্তা গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি থেকে এক হাজার ২০৩ কোটি ৮৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।
এই ছয় মাসে বেনাপোল শুল্ক ভবনকে এক হাজার ১৫০ কোটি ৪১ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।
সে হিসেবে চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের প্রধান এই স্থল বন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি আয় হয়েছে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বন্দর দিয়ে উচ্চশুল্কের পণ্য আমদানি বেশি হওয়ায় রাজস্ব আদায় বেড়েছে।
বেনাপোল শুল্কভবনের কমিশনার মোহাম্মদ মাহবুবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে এখন ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বেনাপোল শুল্কভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
