সোনালীতে টাকা পাঠিয়েছেন এক লাখ যুক্তরাষ্ট্র প্রবাসী
যুক্তরাষ্ট্র থেকে বৈধভাবে দেশে অর্থ পাঠানোর প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের সেবাগ্রহীতার সংখ্যা এক বছরে ৯৫ হাজার থেকে বেড়ে লাখে পৌঁছেছে।
সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালে ৯৫ হাজার প্রবাসী তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়েছেন। আর ২০১৪ সালে তাদের সেবা নিয়েছেন এক লাখ গ্রাহক।
তিনি বলেন, “প্রতিযোগিতামূলক বাজারে দ্রুত এবং কম খরচে অর্থ পাঠানোর সুবিধার কারণে প্রবাসীরা সোনালী এক্সচেঞ্জকে প্রধান অবলম্বন মনে করায় গ্রাহক বাড়ছে।”
প্রবাসীদের অর্থ নিরাপদে বৈধ পথে দেশে পাঠানোর সুবিধা দিতে ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর নিউ ইয়র্কে যাত্রা শুরু করে সোনালী ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এর ১০টি শাখা রয়েছে।
দেশে অর্থ পাঠানোর খরচ সম্পর্কে প্রতিষ্ঠানের কর্পোরেট প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক শাহাদৎ হোসেন বলেন, “আমরা ৫০০ ডলার পর্যন্ত পাঠাতে মাত্র দুই ডলার করে ফি নিচ্ছি। ৫০১ থেকে এক হাজার ডলার পর্যন্ত পাঠানোর ফি ৪ ডলার।”
তবে গ্রাহক বাড়লেও ২০১৪ সালে আগের বছরের তুলনায় দেশে পাঠানো অর্থের পরিমাণে কোনো হেরফের হয়নি বলে জানান প্রধান নির্বাহী আতাউর রহমান।
“২০১৩ সালে যেখানে আমাদের ১০টি শাখা থেকে ৯৫ হাজার প্রবাসী ৮ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন, সেখানে ২০১৪ সালে একই পরিমাণ অর্থ পাঠিয়েছেন এক লাখ প্রবাসী,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে প্রবাসীদের বেশি অর্থ পাঠাতে না পারার অন্যতম কারণ হিসেবে দেখছেন সোনালী এক্সচেঞ্জের এই কর্মকর্তা।
তিনি বলেন, “বাড়ি ভাড়াসহ দৈনন্দিন খরচ বাড়লেও সে তুলনায় অধিকাংশ প্রবাসীরই আয় বাড়েনি। ফলে স্বজনদের কাছে অর্থ পাঠানোর পরিমাণও কমেছে।
“কয়েক বছর আগেও দেশে প্লট-অ্যাপার্টমেন্ট কেনার জন্য প্রবাসীরা অনেক বেশি অর্থ পাঠিয়েছেন। এখন গৃহায়ন খাতেও অর্থ পাঠানোর হার কমে গেছে।”
সোনালী এক্সচেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে ১৯ বছরে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ২৪০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাঠানো হয় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস থেকে।
সোনালী এক্সচেঞ্জ ছাড়া রূপালী এক্সচেঞ্জ, ডিজিটাল ওয়ান, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
