২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাত: নতুন বছরেও সঙ্গী খেলাপি ঋণ-তারল্য

রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণের বোঝা থেকে বাঁচাতে বিশেষ সুবিধা দেওয়ার মতো প্রশংসিত একটি উদ্যোগের মধ্য দিয়ে শুরু হয়েছিল ২০১৪ সাল। আবার বড় খেলাপিদের বড় সুবিধা দিতে তাদের ঋণ পুনর্গঠনের সিদ্ধান্তে সমালোচনার মধ্যেই শেষ হচ্ছে বছরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 12:53 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

এমন অনেক ভালো-মন্দের মিশেল দেশের ব্যাংক খাতে ছিল সারা বছরই। পুরো বছরের বিভিন্ন সময়ে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের মতো ঘটনা যেমন ঘটেছে, ব্যাংক ব্যবস্থায় দুর্নীতি, ব্যবস্থাপনা সংকট ও তহবিল ব্যবস্থাপনায় দুর্বলতাও ছিল আলোচিত।

আবার লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তারল্যের অভিজ্ঞতাও নতুন বছরে সঙ্গী করতে যাচ্ছে এই খাত।  

সব মিলিয়ে বিদায়ী বছরটিকে ব্যাংক খাতের জন্য ‘ওকে টাইপের বছর’ বলেছেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

তিনি বলেন, “আমি বলব ২০১৪ সাল খুব উল্লেখযোগ্য বছর ছিল না, আবার খারাপও ছিল না। খেলাপি ঋণ একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেটি এখনও আছে। গ্রোথ ছিল একসেপটেবল, যথেষ্ট তারল্য ছিল।

“তবে নতুন ঋণের সুযোগ কম পেয়েছি। ভালো ভালো প্রজেক্ট পাইনি।শেষদিকে কিছু আমদানি বেড়েছে। তবে এ বছর ব্যাংকিং খাতের স্ট্রাকচারাল দুর্বলতা ধরা পড়েছে। অনেকগুলো চুরির ঘটনা ঘটেছে।”

বিশেষ সুবিধার পরও  কমেনি খেলাপি ঋণ

গত বছরের ২৩ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য এ সংক্রান্ত নীতিমালায় ছাড় দেওয়ার ঘোষণা দেয়। এর মূল সুবিধাভোগী ছিলেন রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এসএমই খাতের জন্যও দেওয়া হয় একই সুবিধা, যা গত ৩০ জুন প্রত্যাহার করে নেওয়া হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবির পরিপ্রেক্ষিতে সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নির্ধারিত ১৫ শতাংশ ডাউন পেমেন্টের (এককালীন নগদ জমা) পরিবর্তে ন্যূনতম পাঁচ শতাংশ ডাউন্ট পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নবায়ন করার সুযোগ পান।

এতে গত বছরের ডিসেম্বর, চলতি বছরের মার্চ ও জুন প্রান্তিক পর্যন্ত প্রায় ১৮ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এই সুবিধার প্রভাবে গত বছরের ডিসেম্বর প্রান্তিকে সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ১৬ হাজার ১৩৭ কোটি টাকা খেলাপি ঋণ কমে যায়। তবে পরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) অর্থাৎ নয় মাসে আবার ১৬ হাজার ৭০৭ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ ছিল ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৮ দশমিক ৯৩ শতাংশ। এ বছর সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫৭ হাজার ২৯০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ।

বিশেষ বিবেচনায় পুনঃতফসিল করা ঋণগুলোই পুনরায় খেলাপি হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটি কারণে খেলাপি ঋণ বেশি দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ খেলাপি ঋণের নতুন হিসাব পদ্ধতি। আর রাজনৈতিক কারণে যেসব ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছিল সেসব ঋণের কিছু আবার সাব স্ট্যান্ডার্ড হয়ে গেছে।

“তবে সাব স্ট্যান্ডার্ড লোনকে পুরোপুরি খেলাপি বলা যাবে না। কারণ আরও তিন মাস এসব ঋণ খেলাপি বিবেচিত হবে না।”

বর্তমান মোট খেলাপি ঋণের মধ্যে প্রায় ৯ হাজার কোটি টাকা সাব স্ট্যান্ডার্ড পর্যায়ের বলে জানান তিনি।

এ অবস্থায় গত ১৫ ডিসেম্বর আবার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে।

বাংলাদেশ ব্যাংকও এতে সম্মতি দিয়েছে। তবে আগের মতো ঢালাও সুবিধা না দিয়ে এবার কেইস-টু-কেইস ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।

এছাড়া ঋণ পুনর্গঠনেরও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বড় বড় প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে বড় খেলাপিদের বড় ছাড় দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

ইতিমধ্যে আলোচিত ঋণ খেলাপি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের পাঁচ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠনে সায় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সবুজ সংকেত পাওয়ার পর সোনালী, জনতা, রূপালী ও এবি ব্যাংক বেক্সিমকোর ঋণ পুনর্গঠন করার প্রস্তাব তাদের পরিচালনা পর্ষদে পাস করেছে। আর অগ্রণী, এক্সিম ও ন্যাশনাল ব্যাংকেও বেক্সিমকোর ঋণ পুনর্গঠনের প্রস্তাব পাসের অপেক্ষায় আছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একটি ঋণ সর্বোচ্চ তিনবার পুনঃতফসিল করা যায়। যেসব বড় গ্রাহকের ঋণ এখন আর আইন অনুযায়ী পুনঃতফসিল করার সুযোগ নেই তাদের জন্য এই ‘পুনর্গঠন’ ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।    

বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে আনতে না পারলেও ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার এক অঙ্কে নামিয়ে আনার চেষ্টা করছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক অঙ্কের খেলাপি ঋণ সহনীয় বলে মত দেওয়ার পর এই চেষ্টা চলছে।  

সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ খেলাপি ঋণ, একে নয় শতাংশে নামিয়ে আনতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

উদ্বৃত্ত তারল্য ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ

উদ্বৃত্ত তারল্য নিয়েই বছরটি শুরু করেছিল ব্যাংক খাত। শিল্প খাতে ঋণ চাহিদা কমে যাওয়ায় এবং বিদেশ থেকে মেয়াদি ঋণ নেওয়ার সুযোগ দেয়ায় এ অর্থ বিনিয়োগ তো হয়ইনি, বরং বছরের শেষভাগে এসে তা আরও ফুলেফেঁপে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, ব্যাংকগুলোর কাছে বর্তমানে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ এক লাখ ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ৩০ হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ ব্যাংকের ভল্টে পড়ে আছে, যাকে বলা হয় অলস তারল্য। বাকি অর্থ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

ঋণ বিতরণ না বাড়ায় ব্যাংকগুলো আমানতের সুদ হার কমিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, অক্টোবর শেষে ব্যাংক খাতে আমানতের গড় সুদ হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ।

একইভাবে অক্টোবর শেষে ঋণের গড় সুদ হার ১২ দশমিক ৪৯ শতাংশ, যা বছরের শুরুতে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ।

অনেক ব্যাংক তাদের বিশেষ আমানত স্কিম বন্ধও করে দিয়েছে।

প্রশ্নের মুখে ব্যাংকের নিরাপত্তা

এ বছর ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির কয়েকটি ঘটনায় গ্রাহকদের মধ্যে এক ধরনের আতঙ্ক আর আস্থাহীনতা দেখা দেয়। প্রশ্ন ওঠে ব্যাংকের নিরাপত্তা নিয়ে।

বছরের শুরুতে ২৪ জানুয়ারি কিশোরগঞ্জে দেশের ব্যাংকিং খাতের সবচে বড় অংকের টাকা লুটের ঘটনা ঘটে। সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় সুড়ঙ্গ কেটে ভল্টে ঢুকে ১৬ কোটি টাকা লুটে নেয় ডাকাতরা।

এর দেড় মাস পরে বগুড়ার আদমদীঘিতে একই কায়দায় ডাকাতি হয় সোনালী ব্যাংকে।এবার টাকার অংক নেমে আসে ৩২ লাখে।

সেপ্টেম্বরে জয়পুরহাটে বেসরকারি ব্র্যাক ব্যাংকের দেয়াল কেটে দুই কোটি টাকা লুটে নেয় ডাকাতরা। ১৩ ডিসেম্বর জয়দেবপুরে জনতা ব্যাংকের একটি শাখা থেকে ৬০ লাখ টাকা চুরি যায়।

এর আগে ৯ ডিসেম্বর মানিকগঞ্জের সাটুরিয়ায় রুপালী ব্যাংকের গ্রিল কাটার সময় ধরা পড়ে চোর। এছাড়া পটুয়াখালীতে পূবালী ব্যাংকে, ভোলা ও ময়মনসিংহে ব্র্যাক ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

রাজশাহীতে সোনালী ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শ্রীমঙ্গলেও একই ব্যাংকের শাখায় গ্রিল কেটে চুরির চেষ্টা হয়।

ব্যবস্থাপনা সমস্যা

ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দেওয়ায় বেসরকারি ন্যাশনাল ও মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন করে নতুন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় রাষ্ট্রায়ত্ত্ব বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ, ঋণ বিতরণ বন্ধ এবং নিয়োগ-পদোন্নতির রাশ টেনে ধরার পাশাপাশি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। 

বিভিন্ন ব্যাংক তহবিল ব্যবস্থাপনা ঠিকমত করতে না পারায় বাংলাদেশ ব্যাংকের জরিমানার মুখোমুখি হয়েছে। উদ্বৃত্ত তারল্য থাকার পরও বাংলাদেশ ব্যাংকে বিধিবদ্ধ জমা ঠিকমত রাখতে পারেনি অনেক ব্যাংক।