২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুর চিনিকলের লোকসান দুইশ কোটি টাকা

দুইশ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে রংপুরের শ্যামপুর চিনিকলে ২০১৪-১৫ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 06:33 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

শুক্রবার বেলা ৩টায় মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, আখচাষি আবু রায়হান, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সরকার ডাবলু বক্তব্য দেন।

আব্দুল আউয়াল জানান, “২০০ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৭৫ মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার।

এই চিনিকলের আওতায় ৫ হাজার ৬৮৬ একর জমিতে আখ চাষ করে ৭০ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাড়াই কার্যক্রম চলবে ৭০ দিন।

লোকসানের বড় কারণ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিকেজি চিনির উৎপাদন খরচ পড়ে ১০৩ টাকা। অথচ সেই চিনি বিক্রি করতে হয় ৪০ টাকা কেজি দরে। এতে প্রতিবছর মোটা অংকের লোকসান গুণতে হয়।

“শুধু গত মৌসুমেই লোকসান হয়েছে ৩০ কোটি টাকা,” বলেন তিনি।

এভাবে গত ৪৮ বছরে লোকসানের পরিমাণ ২০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, বিদেশ থেকে আমানি করা চিনির দাম কম হওয়ায় ডিলাররা চিনিকলের চিনি উত্তোলন করেন না। ফলে অনেক চিনি অবিক্রিত থেকে যায়।

এখনও গুদামে এক হাজার ২০০ মেট্রিক টন অবিক্রিত রয়েছে, যার বাজার মূল্য ৪ কোটি ৪৪ লাখ টাকা।

কারখানার দুটি গুদামের ধারণ ক্ষমতা ১০ হাজার ১৬০ মেট্রিক টন বলে তিনি জানান।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু বলেন, জরুরিভিত্তিতে সুষম চিনি নীতি প্রণয়ন করা প্রয়োজন। তাহলে লোকসানের বোঝা অনেকটাই কমে যাবে।