২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহিদউদ্দিন মাহমুদকে সম্মাননা

প্রতিষ্ঠার চার বছরে পা দেওয়া উপলক্ষে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক দৈনিক বণিক বার্তা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে সম্মাননা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:13 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পাশাপাশি দেশের সম্ভাবনাময় দুইজন নবীন উদ্যোক্তাকেও সম্মাননা দিয়েছে পত্রিকাটি, যার সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

বুধবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘সংবর্ধনা ও উদ্যোক্তা সম্মাননা-২০১৪’  অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকার, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকজনের উপস্থিতিতে এক মনোজ্ঞ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ওয়াহিদউদ্দিন মাহমুদকে সম্মাননার স্মারক হিসেবে উত্তরীয় পরিয়ে দেন বিআইডিএস মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি এবং বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ।

পাশাপাশি এই বরেণ্য অর্থনীতিবিদকে পোর্ট্রেট ও ক্রেস্ট দেয়া হয়।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার এ স্বীকৃতির জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,  “আমি আপ্লুত। অবিমিশ্র আনন্দ বোধ করছি। কিছুটা অপ্রস্তুত এবং বিব্রতও বটে। সারাজীবন শিক্ষকতা করেছি। কথা বলতে গিয়ে আমার বিব্রত হবার কথা নয়। এই প্রথম হচ্ছে এমন।

“এতো কিছু করার তো আসলে কোনো দরকার ছিল না। আমার বাবা-মা থাকলে সবচে খুশি হতেন। স্কুলের শিক্ষকদের কেউ থাকলে তিনিও গর্ব বোধ করতেন। আপাতত গবেষণা করছি। নতুন কিছু করার জন্য। সুশাসন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কাজ করছি। দোয়া করবেন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক কুটনীতিক মোহম্মদ জমির, মানবাধিকার নেত্রী হামিদা হোসেন, অর্থনীতিবিদ এম এম আকাশ, নারীনেত্রী খুশী কবির, সাংবাদিক আবেদ খান, শিক্ষাবিদ ড. সিমিন মাহমুদ, অধ্যাপক আব্দুল বায়েস, কলামিস্ট আবুল মকসুদ, শিল্পী মাকসুদ এবং নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্পর্কে তার বক্তব্যে বলেন,  “তার মতো একজন নিবেদিতপ্রাণ মানুষকে আমি একদা আমার ছাত্র হিসেবে পেয়েছিলাম বলে আমার অহংকার হয়। তাকে অভিনন্দন জানানো আমার শেষ হবে না।”

নৃত্যশিল্পী শামীম আরা নিপার পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ।

একই আয়োজনে দেশের সম্ভাবনাময় দুজন নবীন উদ্যোক্তা কলারোয়া ক্লে টাইলসের উদ্ভাবক গোষ্ঠ চন্দ্রপাল এবং লিলি কেমিক্যালস এর উদ্যোক্তা একেএম সেলিমকে সম্মাননা দেয়া হয়।

তাদের পুরস্কৃত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এছাড়া অনুষ্ঠানশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মুস্তাফা কে মুজেরি। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।