শেয়ার ফিরে পাচ্ছেন আরএন স্পিনিংয়ের ৩ পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি আর এন স্পিনিং মিলের তিন উদ্যোক্তা পরিচালকের রাইট শেয়ার কমানোর নির্দেশনা অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।
এক রিটের চূড়ান্ত শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এই রায় দেয়।
এই তিন পরিচালক হলেন- কিম জঙ সুক, শিরিন ফারুক ও এমএল ডায়িং লিমিটেড।
এই তিন পরিচালক নিজেদের রাইট ইস্যুর নির্ধারিত চাঁদা জমা না দেওয়ায় গত বছর ৮ জানুয়ারি তাদের মালিকানাধীন ইস্যু বাদ দিয়ে আর এন স্পিনিং মিলসের ইস্যুর আকার ২৭৮ কোটি টাকা থেকে কমিয়ে ১২০ কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করা হলেও বিএসইসি তাতে সাড়া না দেওয়ায় তা চ্যালেঞ্জ করে তিন পরিচালক হাইকোর্টে আবেদন করেন। একই বছর ৭ অক্টোবর এক রুল জারি করে বিএসইসির ওই নির্দেশনাকে স্থগিত করে দেয় হাই কোর্ট, যার চূড়ান্ত রুল বৃহস্পতিবার দিল আদালত।
এর ফলে কমিয়ে দেওয়া ১৫৮ কোটি টাকার শেয়ার ফিরে পাবেন এই তিন পরিচালক।
এদিন আদালতে বিএসইসির পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী। তিন পরিচালকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এসএম মুনীর। তাদেরকে সহায়তা করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি ও এএম মাসুম।
আদালতে এসে পক্ষভুক্ত হওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন।
রায়ের পর বিএসইসির আইনজীবী প্রবীর নিয়োগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্ট তিন পিটিশনারের শেয়ার কমানোর আদেশকে অবৈধ ঘোষণা করেছে। এখন তারা তাদের দাবিকৃত শেয়ার পাবে।
“তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো কি-না, সেটি বিএসইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
রিটকারীদের আইনজীবী এএম মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকবমকে বলেন, “আদালতের এই রায়ের ফলে এই কোম্পানির দীর্ঘ জটিলতার অবসান হচ্ছে বলে আমরা আশা করছি। জটিলতাগুলো অবসান হলে এর সুফল ক্ষুদ্র বিনিয়োগকারীরাও পাবেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কোম্পানি নিয়ে আরো চারটি রিট থাকলেও এটাই ছিলো মূল। এটি নিষ্পত্তি হওয়ার মাধ্যমে সামনে আগানোর পথ খুলে গেল। বাকী জটিলতাগুলো এখন দ্রুতই শেষ করা যাবে।
“অন্তত আদালতের আদেশ নিয়ে এজিএম করে ফেলতে পারবো। ২০১১ সালে জটিলতা সৃষ্টির আগে কোম্পানির শেয়ারের বাজার মূল্য ছিল ১২০ টাকা। এখন এটা ৩২ টাকায় নেমে এসেছে। আদালতের আদেশের ফলে ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করি।”
এই আইনজীবী দাবি করেন, ২০১২ সালের ১১ জানুয়ারি কোম্পানির রাইট শেয়ার অনুমোদন হয়। ওই বছরের ১৩ মার্চ টাকা জমা দেয়ার সময়সীমা থাকলেও রিটকারী তিন পরিচালক তা দিতে ব্যর্থ হন। এরপর তারা সময় চেয়ে এসইসিকে চিঠি দেয়। জুনের মধ্যে নতুন অ্যাকাউন্ট খুলে পুরো টাকা ব্যাংকে জমা দেয়, যা এসইসি গ্রহণও করে।
“এর মধ্যে ২০১৩ সালের ১৪ জানুয়ারি এসইসি এক নির্দেশনায় বলে, এই তিনজনকে রাইট শেয়ার দেওয়া যাবে না। মার্চে এই আদেশে রিভিউ চেয়ে আবেদন করে কোম্পানি। ৭ মাসেও সিদ্ধান্ত না দেওয়ায় আমরা হাই কোর্টে আসি।
এসইসির আদেশের ফলে প্রায় ১৮০ কোটি টাকার শেয়ার আটকে যায় বলে দাবি করেন এই আইনজীবী।
