‘লট’ প্রথা আর থাকছে না ডিএসইতে
বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন স্বয়ংক্রিয় লেনদেন পদ্ধতি চালু হচ্ছে।
এর ফলে শেয়ার লেনদেনে বহুদিনের পুরনো ‘লট’ প্রথা আর থাকছে না। যে কোনো বিনিয়োগকারী তার ইচ্ছে মতো কোনো কোম্পানির যত খুশি তত শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন।
শেয়ার কেনাবেচায় বিভিন্ন ধরনের লট (৫০, ১০০, ৫০০) বর্তমানে রয়েছে, নতুন পদ্ধতিতে এই ‘অড লট’ মার্কেট আর থাকছে না।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান নতুন এ লেনদেন পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে বুধবার ডিএসইতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ডিএসই ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বলেন, “আমরা যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বয়ংক্রিয় লেনদেন সিস্টেমটি চালু করতে যাচ্ছি। সিস্টেমটি চালুর জন্য বিভিন্ন ব্রোকারকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
আগামী এপ্রিল থেকে এই সিস্টেমের আওতায় মোবাইল ফোন ও আইপ্যাডের মাধ্যমেও বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন বলে তিনি জানান।
“নতুন এ পদ্ধতিতে লট সাইজ থাকবে না। ফলে যে কোনো পরিমাণ শেয়ার লেনদেন করা যাবে।”
‘প্রতিটি লেনদেনের ক্ষেত্রে হাওলা চার্জের বিষয়টি আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে’ জানিয়ে স্বপন বালা বলেন, ১১, ১৪ ও ১৫ ডিসেম্বরের লেনদেন দেখার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
“প্রয়োজনে হাওলা চার্জ উঠিয়ে দেওয়া হবে।”
এ পদ্ধতি বাস্তবায়নের জন্য সবমিলিয়ে ৩৫ কোটি টাকা খরচ হেবে বলে জানান ডিএসইর এমডি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড ব্যবহারকারীদের (ব্রোকার এবং বিনিয়োগকারী) জন্য সহজ এবং নিরাপদ হবে। তবে নতুন ব্যবস্থায় কোনো বিনিয়োগকারী নিজ ব্রোকারেজ হাউসের যে কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা শাখা থেকে শেয়ার কেনাবেচা করতে পারবেন না।
প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটি ব্রোকারেজ হাউসের শাখা ও একজন বা একটি গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভ নির্দিষ্ট থাকবে। কোনো বিনিয়োগকারীকে ওই নির্দিষ্ট ব্রোকারেজ হাউস ও নির্দিষ্ট বা গ্রুপভুক্ত অথরাইজড রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে শেয়ার কেনা বা বেচার অর্ডার দিতে হবে। এতে এক সঙ্গে অনেক কোম্পানির শেয়ারের লেনদেন ওঠানামা প্রত্যক্ষ করতে পারবেন তারা।
নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে গত ২৪ নভেম্বর থেকে ডিএসইর ব্রোকারেজ হাউসগুলোর প্রায় ৪০০টি ট্রেডিং ওয়ার্ক স্টেশন থেকে একযোগে পরীক্ষামূলক লেনদেন (মক ট্রেডিং) করা হয়। পরীক্ষামূলক লেনদেনে যে সব ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়।
এর আগে চলতি বছরের ২১ মার্চ অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম চালুর জন্য নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি সই করে ডিএসই। ফলে নয় মাসের মধ্যে আধুনিক প্রযুক্তির অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে ডিএসই।
নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার মধ্যে নাসডাক ওএমএক্স সরবরাহ করছে ম্যাচিং ইঞ্জিন ও ফ্লেক্সট্রেড সরবরাহ করছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)। নতুন অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে ডিএসই স্টেকহোল্ডার প্রতিনিধি, সব ব্রোকিং হাউসের সব অনুমোদিত প্রতিনিধি, আইটি বিভাগের প্রধান এবং ক্রেডিট এ্যাডমিনিস্ট্রেটরদের ধারণা দিতে গত ৪ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয় ডিএসই। যা তিন মাসব্যাপী পর্যায়ক্রমে চলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন।
সংবাদ সম্মেলনে ডিএসইর পরিচালক শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুল এবং শরীফ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
