হোসেন খালেদ ঢাকা চেম্বারের সভাপতি
দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হোসেন খালেদ ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৫ সালের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
হোসেন খালেদ এর আগেও দুই মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(ডিসিসিআই) সভাপতি ছিলেন।
এজিএমে হুমায়ুন রশিদ ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং শোয়েব চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫, ২০১৬ ও ২০১৭ সাল মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকরা হলেন- হোসেন আকতার, আসিফ এ চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, খ. আতিক-ই রাব্বানী ও ওসমান গনি।
হোসেন খালেদ বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ও সিটি ব্রোকারেজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি এজি অটোমোবাইলস লিমিটেড এবং আনোয়ার জুট স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া তিনি আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, দি সিটি ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড ও বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক।
হোসেন খালেদ ২০০৭-২০০৮ সাল মেয়াদে ঢাকা চেম্বারের সভাপতি এবং ২০০৬ সালে ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ২০০২ ও ২০০৩ মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
নির্বাচিত সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী এসএস ভিশন লিমিটেডের নির্বাহী পরিচালক এবং হিরন এগ্রো লিমিটেডের চেয়ারম্যান।
