২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে এক হচ্ছে কেয়া’র ৩ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের সঙ্গে একই গ্রুপের তিন প্রতিষ্ঠানের একীভূত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

এর ফলে কেয়া গ্রুপের ওষুধ ও রসায়ন খাতের কেয়া কসমেটিকসের সঙ্গে বস্ত্র খাতের কেয়া নিটিং মিলস, কেয়া কটন মিলস ও কেয়া স্পিনিং মিলস লিমিটেড একীভূত হবে।

রোববার বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ সব কোম্পানির একীভূতকরণের আবেদন মঞ্জুর করেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে।

এখন তিনটি কোম্পানির দায় বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী স্থানান্তর হবে। কোম্পানিগুলো একীভূত হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র আইন অনুযায়ী।

আদালতের রায় অনুযায়ী, কোম্পানিগুলো একীভূত হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর সব দায় কেয়া কসমেটিকসের ওপর বর্তাবে।

এরই অংশ হিসেবে এ সব দায় নিরাপদ বলে বিভিন্ন ব্যাংকের দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) কেয়া কসমেটিকসের পক্ষ থেকে আদালতে উপস্থাপন করা হয়।

একীভূত হওয়ার পর পূবালী ব্যাংকের কাছে প্রায় ৫৭০ কোটি টাকা ঋণের বিপরীতে কেয়া কসমেটিকসের ৪৩ শতাংশের বেশি শেয়ার লিয়েনে থাকবে বলে জানানো হয়েছে।

Image
কেয়া কসমেটিকসের ২০১২ সালের ইজিএম (ফাইল ছবি)

কেয়া কসমেটিকসের ২০১২ সালের ইজিএম (ফাইল ছবি)

২০১৩ সালের ২০ অক্টোবর কেয়া কসমেটিকসের সঙ্গে কেয়া কটন মিলস, কেয়া স্পিনিং মিলস ও কেয়া নিট কম্পোজিট লিমিটেডকে একীভূত করার ঘোষণা দেওয়া হয়।

কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, একীভূতকরণের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের (ফেইস ভ্যালু) কেয়া কসমেটিকসের প্রতিটি শেয়ারের মূল্য ধরা হবে ২৬ টাকা, কেয়া নিট কম্পোজিটের ১৯ টাকা, কেয়া কটন মিলসের ৩৭ টাকা ও কেয়া স্পিনিং মিলসের ৪১ টাকা।

এ মূল্যমানের ভিত্তিতে কেয়া কসমেটিকসের একটি সাধারণ শেয়ারের বিপরীতে কেয়া নিট কম্পোজিটের ১.৩৬৮৪২টি, কেয়া কটন মিলসের ০.৭০২৭০টি ও কেয়া স্পিনিং মিলসের ০.৬৩৪১৪টি শেয়ার বিনিময় হবে।