২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ঘণ্টা পরে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ভারতের পেট্রাপোলে শ্রমিকদের ডাকা অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ২০ ঘণ্টা পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 03:57 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা খায়রুল ইমাম জানান, রোববার বেলা ১১টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়। এরপর দুপুর পর্যন্ত ১৭৩টি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে এসেছে এবং রপ্তানি পণ্য নিয়ে ওপাড়ে গেছে বাংলাদেশি ৪৪টি ট্রাক।

শনিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক চাপায় এক শ্রমিক মারা গেলে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে সীমান্তের দুই পাশে আটকা পড়ে পচনশীল পণ্যসহ কয়েকশ’ ট্রাক।

পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার পেট্রাপোল বন্দরের ১ নম্বর ফটকের সামনে ট্রাক চাপায় নিখিল চন্দ্র বিশ্বাস নামে এক বন্দর শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় শ্রমিকরা আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়।

বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের পর রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে বলে জানান তিনি।।

খায়রুল ইমাম বলেন, “ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শনিবার ওপাড়ের শ্রমিকরা আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। বিষয়টির সন্তোষজনক সমাধান হওয়ায় ২০ ঘণ্টা পর আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।”

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে দুদেশের বন্দর এলাকায় আটকা পড়ে কয়েকশ’ পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

তবে সকাল থেকে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে।”

পুরনো খবর:

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ