২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে রবি থেকে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা

ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকরা ঘরে বসেই তাদের মাসিক বিল পরিশোধ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এ জন্য মোবাইল ফোন অপারেটর রবিকে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্বাচিত করেছে পিডিবি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবি গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। অন্য অপারেটরের গ্রাহকরা রবি ক্যাশ পয়েন্ট থেকে সাশ্রয়ীমূল্যে ও নির্ভরযোগ্য উপায়ে পিডিবির মাসিক বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।

মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে মাসিক বকেয়ার তথ্য পাবেন। বিল প্রদানের সর্বশেষ তারিখ মনে করিয়ে দিতে নির্দিষ্ট তারিখের আগে রবি একটি আগাম বার্তা সহকারে এসএমএস পাঠাবে।

পিডিবির ছয়টি এলাকার মধ্যে বর্তমানে রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ এলাকায় এই সেবা প্রদান করছে রবি।