২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের বহরে আসছে পাঁচ উড়োজাহাজ

বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান রিজেন্ট এয়াওয়েজের বহরে আরও পাঁচটি আধুনিক বিমান যোগ হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 07:16 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পাশাপাশি আগামী দুই বছরে ১৩টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুফ হাবিব বলেন, এজন্য আটশ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

নতুন রুটের মধ্যে উল্লেখযোগ্য হল- নেপাল, দোহা, মাস্কাট, বাহরাইন, দুবাই, রিয়াদ, জেদ্দা ও মালয়েশিয়ার জোহর বাহরু।

আগামী মাসের শেষের দিকে ঢাকা-নেপাল-ঢাকা রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।  

মাসরুফ হাবিব বলেন, রিজেন্ট এয়ারওয়েজ চার বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে আট লাখ যাত্রী পরিবহন করেছে। ভবিষ্যতে এ সংখ্যাকে আরও বাড়বে।

চট্টগ্রাম ভিত্তিক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ যাত্রা শুরু করে ২০১০ সালের ১০ নভেম্বর। বর্তমানে প্রতিষ্ঠানটির দুটি বোয়িং ৭৩৭-৭০০, দুটি ড্যাশ-৮ ও একটি ড্যাশ-৬ বিমান রয়েছে।

অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে সরাসরি সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতার ফ্লাইট চালু রয়েছে রিজেন্ট এয়ারের।    

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা স্যাম আইজ্যাক, হেড অব সেলস ইরফান হক এবং ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) শুভ্র কান্তি সেনশর্মা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিজেন্টের বহরে যোগ হতে যাওয়া নতুন বিমানের মধ্যে রয়েছে, ১৬৬ আসনের তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ২৬৫ আসনের দুটো বোয়িং ৭৬৭-২০০। এর ফলে রিজেন্টের মাসিক ফ্লাইট সংখ্যা ৭০০টিতে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রী সেবা বাড়াতে এ বছরের এপ্রিল থেকে সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক রুটগুলোতে যাতায়াতের পাশাপাশি ভিসা প্রক্রিয়া, হোটেল বুকিং, টান্সফারসহ সব সুবিধা দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ ছাড়

এদিকে প্রতিষ্ঠানটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচটি আন্তর্জাতিক রুটে টিকিটের মূল্যে ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।

এর মধ্যে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৩ হাজার ৪৪৪ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬ হাজার ৪৪৪ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৮ হাজার ৪৪৪ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা সাত হাজার ৪৪৪ টাকা।

এছাড়া চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ১৭ হাজার ৪৪৪ টাকা, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম নয় হাজার ৪৪৪ টাকা করা হয়েছে বলে জানানো হয়।

১০ নভেম্বর শুরু হওয়া এই অফারে যাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে। ২০১৫ সালের ২৫ অক্টোবরের মধ্যে যে কোনো সময় এই টিকিটে ভ্রমণ করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।