কারখানার অগ্নিনিরাপত্তায় অ্যাকর্ডের নির্দেশিকা প্রকাশ
তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিতে এক নির্দেশিকা প্রকাশ করেছে।
পোশাক কারখানার মালিকদের সংস্কার কাজ নিয়ে উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে বুধবার অ্যাকর্ড বাংলাদেশের ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশিত হয়।
নীতিমালায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থার নকশা, সরঞ্জাম ক্রয়, সনদ ও ‘ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং এসেসমেন্টস (ডিইএ)’ বিষয়ে নির্দেশনা তুলে ধরা হয়।
নির্দেশিকায় অগ্নিপ্রতিরোধ, পূর্ব সতর্কতা, অগ্নি নির্বাপন ও জরুরি নির্গমন পথের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে।
সংস্কার কাজ নিয়ে অব্যাহত প্রশ্নের মুখে সম্প্রতি এক বিবৃতিতে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের জন্য ৫৫টি প্রতিষ্ঠানের এক তালিকা প্রকাশ করে অ্যাকর্ড।
তবে তালিকা অনুমোদিত নয় এবং ভবিষ্যতে এটিকে হালনাগাদ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে অ্যাকর্ড।
বিবৃতিতে বলা হয়, সব অগ্নিনিরাপত্তা ব্যবস্থার নকশা অ্যাকর্ড অনুমোদিত হতে হবে।
অ্যাকর্ড বলছে অগ্নি প্রতিরোধক দরজার সনদ গ্রহণযোগ্য তৃতীয় কোনো পক্ষ যেমন এফএম, ইন্টারটেক থেকে নিতে হবে।
বিস্তারিত প্রকৌশলগত পর্যালোচনার (ডিইএ) জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে অ্যাকর্ডের অনুমোদন নিতে হবে।
এ জন্য প্রতিষ্ঠানগুলোর ৫ বছরের বেশি এবং প্রকৌশলীদের ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।
এতে আরও বলা হয়, কারখানার সংস্কারকাজ শুরুর আগে চূড়ান্ত ডিইএ প্রতিবেদনে অবশ্যই অ্যাকর্ডের অনুমোদন নিতে হবে এবং জোটের সবুজ সংকেত ছাড়া কোনো ধরনের সংস্কারকাজ শুরু করা যাবে না।
