লস এঞ্জেলেসে ১৪ নভেম্বর থেকে আবাসন মেলা
রিয়াল এস্টেট ও আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে ১৪ নভেম্বর।
লস এঞ্জেলেস সিটির ডাউন টাউনে ‘লিটল বাংলাদেশ’-এলাকার বেভার্লি গারল্যান্ড হোটেলে অনুষ্ঠিতব্য এ মেলায় বাংলাদেশের ৫০টিরও বেশি আবাসন ব্যবসায়ী ও রিয়াল এস্টেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
‘রিহ্যাব হাউজিং ফেয়ার, লসএঞ্জেলেস ২০১৪’-এর সমন্বয়ক জাকারিয়া মাসুদ জিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে অংশ নিতে ৫০টি আবাসন কোম্পানিও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
“প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে সঠিক প্রকল্পে বিনিয়োগ হতে পারে সে ব্যাপারে রিহ্যাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মেলায় অংশগ্রহণকারীরা শুধু তাদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করতে পারবেন। কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির মালিকরাও থাকবেন মেলায়।”
এর আগে নিউ ইয়র্কে গত ১০ বছরে রিহ্যাবের আয়োজনে ১০ টি আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর প্রত্যেকটিতেই বিপুল লোকসমাগমের পাশাপাশি প্লট এবং অ্যাপার্টমেন্টও বিক্রি হয়েছে বলে রিহ্যাব সূত্র জানিয়েছে।
জিকু বলেন, “প্রতিটি কোম্পানি তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করবে। ক্রেতারা সরাসরি কোম্পানির সাথে কথা বলে আকাঙ্খিত প্লট বা ফ্ল্যাটের বুকিং দিতে পারবেন।
“মেলায় প্লট বা ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।”
রিহ্যাব মেলা কমিটির চেয়ারম্যান রবিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সময় ১৪ নভেম্বর শুক্রবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
বিশেষ অতিথি থাকবেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল সুলতানা লায়লা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।
উদ্বোধনের দিন দুপুর ২টা থেকে মেলা সবার জন্য খুলে দেয়া হবে। এর পরের দুইদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ১৭ নভেম্বর হবে সমাপনী অনুষ্ঠান।
রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাপনী দিনে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীনসহ দেশ ও প্রবাসের নামকরা শিল্পীদের গানের অনুষ্ঠান আর জমজমাট ফ্যাশন শো। থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।”
র্যাফেল ড্রতে বিজয়ীদের জন্য লস এঞ্জেলেস-ঢাকা-লস এঞ্জেলেস এয়ার টিকিট, এলডিসি টিভি, আইপ্যাডসহ আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানান তিনি।
‘প্রবাসে উপার্জন-স্বদেশে আবাসন’ স্লোগানকে সামনে রেখে লস এঞ্জেলেসের এ আবাসন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
