২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের উপর্যুপরি হরতালে ব্যবসায়ীদের উদ্বেগ

যুদ্ধাপরাধে অভিযুক্ত দলের নেতাদের রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামী উপর্যুপরি হরতাল ডাকায় অসন্তোষ প্রকাশ করেছে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 07:45 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার এক সংবাদ বিবৃতিতে ঘন ঘন হরতালে অর্থনীতিতে বিরূপ প্রভাবে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

যুদ্ধাপরাধ মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

এছাড়া মো. কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধবার এবং মীর কাসেম আলীর একই দণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল করবে জামায়াত।

বিবৃতিতে বলা হয়, বিচারিক বিষয় নিয়ে জামায়াতের ডাকা গত ৭২ ঘণ্টার হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা ও পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

“এরপর আবারও ৪৮ ঘণ্টা টানা হরতালে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম ভীষণভাবে বিঘ্নিত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে।”

হরতালে অর্থনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে জেএসসি ও জেডিসিসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচি বিপর্যয়ের মুখে পড়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এফবিসিসিআই বলেছে, “হরতালের মতো ধবংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় ও অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ নীরিহ মানুষের জানমালের ক্ষতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”

এসব নেতিবাচক প্রভাব বিবেচনা করে আগামী বুধ ও বৃহস্পতিবারে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।