২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে উদ্বেগ এফবিসিসিআইয়ের

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াত ইসলামী তিন দিন হরতাল ডাকায় উদ্বেগ জানিয়ে এই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 07:25 PM

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজামীর ফাঁসির রায়ের পর বৃহস্পতি, রোব ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।

বিকালে এক বিবৃতিতে এফবিসিসিআই বলেছে, “বৈদেশিক মূদ্রার রিজার্ভ, রেমিটেন্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতিধারা লক্ষ্য করা যাচ্ছে। দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান, কম্বোডিয়া, ইতালিসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন।

“এ অবস্থায় লাগাতার হরতালসহ যেকোনো নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে।”

বিচারিক বিষয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার মত কর্মসূচি দেশের ব্যবসায়ী সমাজের কাছে ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করে এফবিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ ঘণ্টার হরতালে সাধারণ নাগরিক  জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ, শিক্ষা ও বিভিন্ন খাতের বিদ্যমান কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্যিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে।

হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে বলে মনে সংগঠনটি।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও জামায়াতের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।