ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে মামলার নির্দেশ
ভেজাল ও নিম্নমানের সার-কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপ-প্রধান শেখ বদিউল আলমের সই করা এই আদেশে অসাধু সার ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নজরদারি ও তদারকি বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে বুধবার পাঠানো এ নির্দেশনায় বলা হয়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার জন্য কৃষকদের প্রতারিত করে নিম্নমানের ভেজাল সার ও কীটনাশক স্বল্পমূল্যে বাজারজাত করছে।
জেলা প্রশাসকদের নিয়ন্ত্রণাধীন সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ‘অসাধু’ বিক্রেতাদের শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশনায়।
এতে সার ব্যবস্থাপনা আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
