পুঁজিবাজারের ২ কোম্পানিকে জরিমানা
অনিয়মের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিতে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তোলা অর্থ ব্যবহারে অনিয়ম করায় আর্গন ডেনিমসকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আর আইপিও’র মাধ্যমে তোলা অর্থ ব্যবহার না করায় সালভো কেমিক্যালকে জরিমানা গুনতে হচ্ছে ৫ লাখ টাকা।
মঙ্গলবার নিয়মিত কমিশন সভায় এই দুই কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যব্স্থার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিএসইসি মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আর্গন ডেনিমসকে আগামী তিন বছর পুনরায় মূলধন সংগ্রহের অযোগ্যও ঘোষণা করছে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্গন ডেনিমস আইপিও’র মাধ্যমে তোলা টাকা কমিশন অনুমোদিত বিবরণী (প্রসপেক্টাস) এবং কনসেন্ট লেটারের শর্ত অনুযায়ী ব্যবহার না করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে।
“কোম্পানিটির অনুমোদিত প্রসপেক্টাসে উল্লিখিত ওয়ান ব্যাংকের কাছ থেকে গৃহীত স্বল্প মেয়াদি ঋণের অতিরিক্ত অর্থ পরিশোধ করেছে। এছাড়া কোম্পানিটি মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ব্রিজ ফাইন্যান্সের মাধ্যমে নেওয়া ঋণের অতিরিক্ত পরিশোধ করেছে এবং লঙ্কাবাংলা ফাইন্যান্সের কাছ থেকে নেওয়া স্বল্প মেয়াদি ঋণের ৩ কোটি টাকা পরিশোধ করেছে, যা প্রসপেক্টাসে উল্লেখ ছিল না।”
সালভো কেমিক্যাল আইপিও’র মাধ্যমে তোলা অর্থের মধ্যে ২৬ কোটি টাকার স্থলে ২৪ কোটি টাকা খরচ করেছে, কিন্তু কমিশনে দাখিল করা প্রতিবেদনে ২৬ কোটি টাকা খরচ দেখিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া কোম্পানিটি ২ কোটি ২১ লাখ টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় না করে তা নগদে ব্যয় করেছে বলে বিএসইসির পর্যবেক্ষণে ধরা পড়েছে।
সালভো কেমিক্যালকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি আগামী তিন বছর পুঁজিবজার থেকে কোনও ধরনের মূলধন তুলতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
