২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর নিয়ে ‘নাখোশ’ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা

ঈদের ছয়দিন পর স্থানীয়ভাবে সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া কেনা শুরু হলেও দর নিয়ে ‘অসন্তুষ্ট’ মৌসুমি ব্যবসায়ীরা। তবে বনিবনা না হওয়ায় অনেকেই ধরে রাখছেন বেশি দামের আশায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার রাজধানীর লালবাগের পোস্তার চামড়া আড়ৎ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আফতাব খান বলেন, পোস্তায় বেপারি এবং ট্যানারি মালিকদের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। দরদাম করে অনেককে মাল কিনতেও তিনি দেখেছেন।

তিনি জানান, রোববার থেকে চট্টগ্রাম ও সিলেট থেকেও চামড়া ঢাকায় আসছে। তবে বৃষ্টির কারণ পুরো মাত্রায় চামড়া আসা শুরু হয়নি।

বাংলাদেশে প্রতিবছর মোট চাহিদার ৫০ শতাংশ চামড়া কোরবানির ঈদে জবাই করা পশু থেকে আসে। এই সময়ে গড়ে ৩০ লাখ চামড়া আসে আড়তে।

সাধারণত মৌসুমি ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। আড়ৎ হয়ে এগুলো কিনে নেন ট্যানারি মালিকরা।

এবার ট্যানারি মালিকরা রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৭০ থেকে ৭৫ টাকায় এবং  ঢাকার বাইরে ৬০ থেকে ৬৫ টাকায় কিনবেন বলে ঠিক করেছেন, যে দাম গতবারের চেয়ে কম।

জুয়েল নামে একজন মৌসুমি চামড়া ব্যবসায়ী বলেন, রোববার দুপুর পর্যন্ত তার কাছে থাকা এক হাজার চামড়া দেখতে কেউ আসেনি। তবে আশার কথা হল বেপারি ও ট্যানারি মালিকদের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন।

তিনি বলেন, “মূলত এখন বাজার বাজার ঘুরে মাল কেনার মত চিত্র দেখা যাবে না। কারণ কোন ফড়িয়া বা কোন বেপারি কতটি মাল কিনেছেন তা মোবাইলে ট্যানারি মালিকদের জানিয়ে দেন। মালিক প্রতিনিধিরাও সেই অনুযাযী এক ফাঁকে এসে মাল দেখে নিয়ে যায়।”

রিয়াজুল নামে এক ফড়িয়া বলেন, তার কাছে থাকা আটশ চামড়া দেখতে কয়েকজন বেপারি এসেছিল। কিন্তু চামড়ার দর কম বলায় তা তিনি বিক্রি করেননি।

একার প্রতি বর্গফুট কাঁচা চামড়া তৈরিতে ১১০ টাকার মত খরচ পড়েছে বলেও  জানান তিনি।

পোস্তায় মাইনু মিয়ার আড়তের এক কর্মচারীর কাছেও ঢাকার বাইরে থেকে লবণজাত চামড়া দেখতে ব্যবসায়ীদের আসার তথ্য মিলল।