ট্রান্সকমের সাইফুরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে “হল-মার্কের ‘সন্দেহজনক’ টাকা ট্রান্সকমে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমান।
তার ইংরেজি প্রতিবাদলিপির বাংলা তর্জমা এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের ব্যাখ্যা প্রকাশ করা হলো।
“সম্পাদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিষয়: সাজানো, নোংরা ও মানহানিকর প্রতিবেদনের প্রতিবাদ
জনাব,
আপনার সম্পাদনার ই-নিউজপেপারে ৮/১০/২০১৪ তারিখে প্রকাশিত “হল-মার্কের ‘সন্দেহজনক’ টাকা ট্রান্সকমে” শীর্ষক প্রতিবেদনের বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থ লোপাটে অভিযুক্ত হল-মার্ক গ্রুপের কর্ণধার তানভীর মাহমুদের কাছ থেকে দেশের শীর্ষ দুটি দৈনিক পত্রিকার এক মালিক বিপুল অর্থ পেয়েছেন।” একই প্রতিবেদনে বলা হয়েছে, “ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমানের বিভিন্ন ব্যাংক হিসাবে সাড়ে ১৬ কোটি টাকা জমা হয়েছে, যে অর্থ এসেছে তানভীর এবং তার স্ত্রী ও বিতর্কিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামের কাছ থেকে।” এ ধরনের অভিযোগমূলক, নোংরা ও মানহানিকর প্রতিবেদন এটাই নির্দেশ করে যে, আমার এবং ট্রান্সকমের মতো সুনামখ্যাত প্রতিষ্ঠানের কষ্টার্জিত সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্য নিয়েই তা প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে অনিয়ম ও যোগসাজশের ইংগিত দেয়া হয়েছে যা সঠিক নয়। বরং সঠিক তথ্য হলো- আমি আমার এবং আমার তিন বোনের পক্ষ থেকে দুই দফায় মোট ৭ দশমিক ১৯ একর জমি বিক্রি করেছি, যার চুক্তিনামা (২৩/০৫/২০১১ তারিখে ববি স্পিনিং লিমিটেডের কাছে ২.১০ একর, ববি ফ্ল্যাট বেড প্রিন্টিং লিমিটেডের কাছে ১.৩০ একর এবং ২৩/০১/২০১২ তারিখে ফারহান ফ্যাশন লিমিটেড, মো. তানভীর মাহমুদ ও হল-মার্ক অ্যাসোসিয়েটস লিমিটেডের কাছে ২.৪৯ একর ) রেজিস্ট্রিও করা হয়েছে। আমরা ওই জমি উত্তরাধিকার সূত্রে আমাদের প্রয়াত বাবার কাছ থেকে পেয়েছি, যা তিনি ১৯৬৯ সালে ক্রয় করেছিলেন। ওই সম্পত্তি একান্তই আমাদের ব্যক্তিগত এবং এর সঙ্গে ট্রান্সকম গ্রুপের কোনো যোগাযোগ নেই, যে কোম্পানিতে আমি একজন পরিচালক। ওই জমি বিক্রির ক্ষেত্রে ট্রান্সকমের নামে কোনো লেনদেন হয়নি এবং হল-মার্ক থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অর্থ ট্রান্সকমের কোনো হিসাবে আসেনি। কাজেই হল-মার্কের টাকা ট্রান্সকমের হিসাবে স্থানান্তরের অভিযোগ পুরোপুরি ভুল।
সাইফুর রহমান
এই প্রতিবেদনে প্রশ্ন তোলার বদলে অর্থ লেনদেনের ‘কারণ’ এর উল্লেখ থাকা উচিৎ ছিল, কেননা ওই অর্থ এসেছে জমি বিক্রি থেকে, সেজন্য কর দেওয়া হয়েছে এবং আমার ট্যাক্স রেকর্ডে এই পুরো প্রক্রিয়ার প্রতিফলন ঘটেছে। আপনার মতো একজন বিশিষ্ট সম্পাদকের তত্ত্বাবধানে এমন একটি খণ্ডিত সংবাদ প্রকাশিত হওয়ায় আমি সত্যিই মর্মাহত। তাই সত্য প্রকাশের জন্য আমি আমার এই প্রতিবাদ আপনার সংবাদপত্রের একই পৃষ্ঠায়, একই কলামে প্রকাশের অনুরোধ করছি।
এ ব্যাপারে আপনার সদয় সহযোগিতা প্রত্যাশা করছি।
ধন্যবাদ,
সাইফুর রহমান”
প্রতিবেদকের বক্তব্য
“হল-মার্কের ‘সন্দেহজনক’ টাকা ট্রান্সকমে” শিরোনামে ওই প্রতিবেদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের একটি প্রতিবেদনের ভিত্তিতে, যাতে অর্থ স্থানান্তরের গতিপথকে ‘সন্দেহজনক’ বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব কোনো বক্তব্য বা ব্যাখ্যা ওই প্রতিবেদনে নেই। সুতরাং ‘মানহানির’ উদ্দেশ্য নিয়ে ‘সাজানো ও নোংরা’ প্রতিবেদন প্রকাশের যে অভিযোগ সাইফুর রহমান করেছেন তা সঠিক নয়।
বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। দুদক কমিশনার এম শাহাবুদ্দিন নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যা উল্লিখিত সংবাদেও বলা হয়েছে।
সাইফুর রহমান তার প্রতিবাদে বলেছেন, হল-মার্কের টাকা ট্রান্সকমের হিসাবে স্থানান্তরের তথ্য ‘অসত্য’, যদিও এমন কোনো তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনেই নেই।
আর্থিক গোয়েন্দাদের প্রতিবেদন থেকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, “সার্বিক পর্যালোচনায় পরিলক্ষিত হয়, হল-মার্ক ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জনাব সাইফুর রহমানের একাধিক ব্যক্তিগত হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে।”
প্রতিবেদনটি প্রকাশের আগে সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের আইন বিভাগের প্রধান মোহাম্মদ ফখরুজ্জামান।
তিনি সাইফুর রহমানের ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের উৎস হিসাবে সাইফুর রহমানের পৈত্রিক জমি বিক্রির কথা বলেন এবং তার উল্লেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনেও রয়েছে।
সাইফুর রহমান তার প্রতিবাদলিপিতে এ বিষয়টিরই পুনরুল্লেখ করেছেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দাদের সন্দেহের কোনো জবাব তার ওই বক্তব্যে মেলেনি।
কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা প্রতিবেদন বলছে, “জনাব সাইফুর রহমানের বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবসমূহে তানভীর মাহমুদ, জেসমিন ইসলাম এবং হল-মার্কের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ববি স্পিনিং মিলস লিমিটেড থেকে মোট ১৬ দশমিক ৬২ কোটি টাকা জমা হয়েছে।”
এ বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনেও একইভাবে প্রকাশ করা হয়েছে।
অর্থ স্থানান্তরের পুরো চিত্র আয়কর বিবরণীতে উল্লেখ করার কথা জানিয়ে সাইফুর রহমান বলেছেন, “তথাকথিত ‘লেয়ারিং’ বা ‘মানি লন্ডারিং’ এর প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে ওই দুটি শব্দ এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকেই, যাতে বলা হয়েছে, “সামগ্রিক বিচারে হল-মার্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান হতে স্থানান্তরিত অর্থ জনাব সাইফুর রহমানের এক হিসাব হতে অন্য হিসাবে এমনভাবে স্থানান্তরিত হয়েছে যাতে অর্থের গতিপথ অনুসন্ধানে জটিলতার সৃষ্টি হয় যা মানি লন্ডারিংয়ের ভাষায় লেয়ারিং মর্মে প্রতীয়মান হয়।”
