বিদেশি বিনিয়োগ বাড়াতে জোর প্রধানমন্ত্রীর
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা বেগবান করতে আরও বিদেশি বিনিয়োগ ও আর্থিক সহায়তা প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকায় ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মিশেল ত্রিনকুইয়া দেখা করতে গেলে তিনি এই কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে এলে বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়য়নের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
“এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও বিদেশি বিনিয়োগ ও আর্থিক সহায়তার প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি।”
ফ্রান্সের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব।
“তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং তার সরকারের সময় বাংলাদেশে যে আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তার প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে ভূমিকার প্রশংসা করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।”
একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন ফরাসি রাষ্ট্রদূত বলেন, এক্ষেত্রে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি আর্থিক সহায়তা দিচ্ছে।
প্রেস সচিব বলেন, এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ করছে বলে জানান। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ফ্রান্সের রাষ্ট্রদূতের পর বাংলাদেশে পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমী কুরেশীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
তিন বছর দায়িত্বপালনকালে সহায়তার জন্য পাকিস্তানের হাইকমিশনার সরকারকে ধন্যবাদ জানান।
